সিলেট, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিজ্ঞাসাবাদের কথা বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাওয়ার দুই দিন পর সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের 'নিখোঁজ' চার শিক্ষার্থী ও শিক্ষানবীশ চিকিৎসকও ক্যাম্পাসে ফিরেছেন।
এরা হলেন- শিক্ষানবীশ চিকিৎসক ডা. তোসাদ্দেক রশিদ, ড. আমির আমিন রেশমী এবং শিক্ষার্থী তওসিফ আহমদ ও দানেশ বাট। এরা সবাই ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা।
রোববার সকালে তারা ক্যম্পাসে ফিরে আসেন বলে কলেজ অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) ডা. নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের কথা বলে মেডিকেল কলেজের হোস্টেল থেকে তাদের নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকও 'নিখোঁজ' হন। ওই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলো নর্থইস্ট কর্তৃপক্ষ।
শনিবার সকালে ফিরে আসেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটের ক্লিনিক্যল এ্যসিস্টেন্ট (সিএ) ডা. রশিদ আহমদ।
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আফজাল সাংবাদিকদের বলেন, "রশিদ আজ টেলিফোনে জানিয়েছেন, তিনি ফিরেছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে গিয়েছিলো বলে জানিয়েছেন তিনি।"
রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) নাজমুল ইসলাম জানান, তাদের দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষানবিশ চিকিৎসক রোববার সকালে ক্যাম্পাসে ফিরেছেন। তবে তারা কোথায় ছিলেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি অধ্যক্ষ।
তবে শনিবার ডা. নাজমুল সাংবাদিকদের জানান, কী কারণে ওই চারজনকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানা না গেলেও আন্তর্জাতিক কোনো অপরাধের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাওয়া হতে পারে বলে তার ধারণা।
অবশ্য আইন-শৃংখলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, দিল্লী হাইকোর্টে বোমা হামলার ঘটনায় বাংলাদেশের ইউনানী মেডিকেলে লেখাপড়া করা এক কাশ্মীরি যুবককে গ্রেপ্তারের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।
গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ফটকে বোমাহামলায় ১৫ জন নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ওই হামলা চালায় বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা।
ভারতের দৈনিক টাইমস অফ ইন্ডিয়া শুক্রবার তাদের অনলাইন সংস্করণে জানায়, বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে সে দেশের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির (এনআইএ) গোয়েন্দারা ওয়াসিম আহমেদ নামের এক কাশ্মীরি যুবককে গ্রেপ্তার করেছে, যিনি ইউনানি চিকিৎসায় বাংলাদেশে পড়াশোনা করেন।
এ বিষয়ে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, "ঘটনাটি স্পর্শকাতর, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে।"
তদন্ত শেষে এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান সাহারা।
সাংবাদিকরা রোববার ফিরে আসা চারজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলতে দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬৩৬ ঘ.
bdnews24