২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইছামতি থেকে ভারতীয় গবেষকের লাশ উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ইছামতি নদী থেকে এক ভারতীয় গবেষকের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে উদ্ধারের পর লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সাতক্ষীরা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে ইছামতি নদী থেকে এক ভারতীয় গবেষকের লাশ উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের ভূখণ্ডে উদ্ধারের পর লাশটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নিহত সুজয় দাশ (৩০) কলকাতার টালিগঞ্জ এলাকার ৮ নম্বর ডা. সত্যানন্দ রায় রোডের বাসিন্দা সনজিৎ দাশের ছেলে। তিনি ভারতের যাদবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি কলেজের জুনিয়র রিসার্চ ফেলো ছিলেন। পুলিশ ও বিজিবি জানিয়েছে, শনিবার সকালে সুজয়ের লাশ ইছামতি থেকে উদ্ধার করা হয়। দুপুরে লাশ হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের বরাত দিয়ে সাতক্ষীরার দেবহাটা থানার ওসি শাহজাহান আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজয় তার পরিবারের সদস্যদের নিয়ে বৃহস্পতিবার বিকালে বিজয়া দশমীর উৎসব দেখতে ইছামতি নদীতে নৌকা নিয়ে ভ্রমণে বের হন। এসময় তাদের নৌকাটিকে একটি ট্রলার ধাক্কা দিলে সুজয় নদীতে পড়ে যান। অনেক খোঁজাখুজির পরও তার লাশ উদ্ধার করা যায়নি। শনিবার সকাল ১০টায় উপজেলার শিবনগর এলাকায় ইছামতি নদীতে একটি লাশ ভেসে উঠে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং পুলিশ সেই লাশ উদ্ধার করে পকেটে থাকা পরিচয়পত্র দেখে সুজয়কে সনাক্ত করে বলে জানান ওসি। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি লাশ উদ্ধারের খবর জানিয়ে বিএসএফকে চিঠি দেয়। ওসি জানান, দুপুরে টাকী পৌরসভার মেয়র সোমনাথ মুখার্জী, টাকী বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ কে সিংহ, হাসনাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন দীক্ষিত, নিহতের শ্যালক সুব্রত ভৌমিক ও পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করেন। পরে বিজিবি দেবহাটা কোম্পানি কমান্ডার এনামুল হক তাদের কাছে লাশটি হস্তান্তর করেন। এসময় টাকী পৌর মেয়র সোমনাথ বাংলাদেশের প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৬ ঘ.