গাইবান্ধা, ০৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় শিশু চোর চক্রের সদস্য সন্দেহে নয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা থেকে রোহান বাবু নামে এক শিশু চুরির অভিযোগে শুক্রবার সকালে সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ সন্তোলা গ্রামের আব্দুল খালেক মিয়ার বাড়ি থেকে ওই নয় জনকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকা থেকে নিখোঁজ হওয়া দুই বছর বয়সী শিশু রোহান বাবুর সন্ধান পাওয়া যায়। মাস দশেক আগে শিশুটি ঢাকার সাভার থেকে নিখোঁজ হয়। স¤প্রতি খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করতে গেলে জড়িতরা শিশুটির বাবা মিজানুর রহমানের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে তার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
অবশ্য পুলিশ শিশুটিকে উদ্ধার করতে পারেনি।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুর জলিল সরকার জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সরিয়ে ফেলায় রোহানকে উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান চলছে।
রোহানের বাবা মিজানুর রহমান জানান, স্থানীয় ভাতগ্রাম ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়ের করেও কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার রাতে তিনি থানায় মামলা করেন।
ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের হারুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধার করতে না পারায় অভিভাবককে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২১৫৮ ঘ.
bdnews24