২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাসনালয়ের দখলমুক্তি আর পুরোহিতদের ভিসা চায় শিখরা

বেদখল উপাসনালয় উদ্ধার আর পুরোহিতদের ভিসার ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে দেশের শিখ সম্প্রদায়। সুলাইমান নিলয়- এর প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2011, 05:04 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেদখল উপাসনালয় উদ্ধার আর পুরোহিতদের ভিসার ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে দেশের শিখ সম্প্রদায়। শিখদের উপাসনালয় বাংলাদেশ গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস পাপ্পু বলেন, বাংলাদেশে শিখ সম্প্রদায় ভালোই আছে। স্বাধীনতা যুদ্ধের পর এই সম্প্রদায়ের ওপর আর কোনো আক্রমণ হয়নি। সাত সদস্যের এই কমিটিই বাংলাদেশে শিখদের সব ধর্মীয় কাজে নেতৃত্ব দিয়ে থাকে। রবিদাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাধীনতা যুদ্ধকালে পাক হানাদারদের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে দুজন শহীদ হন। এদের এক জন হিন্দু এবং অন্য জন মুসলিম। বাংলাদেশ সম্পর্কে তার মূল্যায়ন হচ্ছে, এদেশ সংখ্যালঘুদের জন্য একটি 'ভালো' দেশ। "তবে আমাদের বিভিন্ন উপাসনালয়ের বেশ কিছু জায়গা জমি বেদখল হয়ে আছে। সেগুলো উদ্ধার করা যাচ্ছে না। এ সব জমির এক সময়ের ভাড়াটিয়ারাই এখন দখলদারে পরিণত হয়েছে।" "এসব জমি উদ্ধারে আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। ২০০৯ সালের ১১ ফেব্র"য়ারি আমাদের ওই চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় রিসিভ করলেও পরবর্তীতে ওই চিঠির ভাগ্যে কী হয়েছে, তা আর আমরা জানি না," বলেন রবিদাস। শিখদের অন্য সমস্যাটি পুরোহিতদের ভিসা সংক্রান্ত। রবিদাস বলেন, বাংলাদেশে কোনো শিখগুরু নেই। গুরুদুয়ারাগুলো চালাতে পাঞ্জাব থেকে তাদের আনতে হয়। কিন্তু বাংলাদেশে আসতে ভিসা পেতে বেশ সমস্যা নৈমিত্তিক বিষয় হয়ে দাড়িয়েছে। বিশেষ করে রাষ্ট্রে-রাষ্ট্রে নানা হিসাব নিকাশে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশন ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন করে যেন কড়াকড়ি আরোপ করেছে। "গ্রন্থিরা (পুরোহিত) সাধারণত তিন মাসের ভিসা নিয়ে আসেন। পরে বাংলাদেশ থেকে আরো তিন মাস মেয়াদ বাড়িয়ে নেওয়া হয়। তবে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত ছয় জনের এক জনের পাঁচ বছরের মাল্টিভিসা রয়েছে।" রবিদাস বলেন, "বছর খানেক আগে অন্য এক পুরোহিতের জন্য মাল্টিভিসার আবেদন করেছিলাম। এক বছর পর ওই ভিসার ইনকোয়ারি করতে আমাকে ফোন করা হয়। এটা যদি হয় তাহলে চলবে কীভাবে?" গুরুদুয়ারা নানকশাহীর 'পরিচয় ফলকে' দেওয়া তথ্য অনুযায়ী ১৫০৪ সালে শিখদের প্রথম গুরুনানক দেব জী অবস্থানস্থলের ওপর গড়ে উঠে ঢাকার প্রথম গুরুদুয়ারা। অবশ্য প্রথম দিকে এটি কেবল একটি ধর্মশালা ছিলো। রবিদাস বলেন, নবাব শায়েস্তা খার দেওয়া বিশাল এক এলাকায় এই ধর্মশালাটি গড়ে উঠেছিলো, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। তবে বর্তমানে এর ছোট্ট একটি অংশই গুরুদুয়ারার দখলে রয়েছে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হারানো এই সম্পত্তির বিষয়ে কোনো অভিযোগ নেই বাংলাদেশ গুরুদুয়ারা নানকশাহী ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদকের। শিখ গুরুদের জীবনী গ্রন্থ 'শ্রী গুরু নানক দেব জী থেকে শ্রী গুরুগ্রন্থ সাহিব জী' নামক বইয়ে বলা হয়েছে, নানক জী মুর্শিদাবাদ, মালদা, কৃষ্ণনগর, কান্তনগর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, কেশরগঞ্জ, গৌরিপুর, চট্টগ্রাম প্রভৃতি স্থান ভ্রমণ করেন। 'গুরু নানক ঢাকায় নৌকাযোগে পদার্পণ করেন। প্রথমে তিনি শিবপুর গ্রামে নোঙ্গর ফেলেন।' বইয়ের ভাষ্য মতে, স্থানটি রায়ের বাজারের মধ্যে পড়েছে। 'ওই এলাকায় তিনি একটি কূপ খনন করেন। পরে স্থানটি শিখ ও নানকভক্তদের পবিত্র স্থান হয়ে যায়। ১৯৫৯ সাল পর্যন্ত এই স্থানটি শিখদের অধিকারে ছিলো। এরপর তৎকালীন হিন্দু-শিখবিদ্বেষী পাকিস্তান সরকার এই পবিত্র তীর্থটি ভরাট করে লিজ প্রদান করে মানচিত্র থেকে স্থানটিকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করে দেয়।' রবিদাস বলেন, রায়েরবাজরের ওই স্থানের পর গুরু ঢাকেশ্বরী মন্দিরে আসেন। এ সময় তিনি পার্শ্ববর্তী একটি স্থানে অবস্থান করেন। ওই স্থানেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার গুরুদুয়ারাটি গড়ে উঠেছে। "আসামের ধুবড়ি যাওয়ার পথে তিনি ময়মনসিংহেও অবস্থান করেন। সেখানেও রয়েছে অন্য একটি গুরুদুয়ারা। চট্টগ্রামের চকবাজারে গুরু নানকের অনস্থানস্থলের উপর গড়ে উঠা তৃতীয় গুরুদুয়ারটি অবস্থিত।" শিখউইকিতে দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে কোনো স্থায়ী শিখ নেই। তবে www.sikhnet.com এ দেওয়া একটি সংবাদের ভাষ্য মতে, বাংলাদেশে শিখ ধর্মের ১ লাখের মতো অনুসারী রয়েছে। এ প্রসঙ্গে রবিদাস বলেন, "এ কথা একদিক থেকে ঠিক যে এখানে দীক্ষা নেওয়া শিখ নেই। তবে মোনা শিখসহ গুরুর আদর্শ ভালোবাসে এমন প্রচুর মানুষ এদেশে রয়েছে। আমাদের মূল শিক্ষা হচ্ছে, এই ধর্ম, ধর্মগ্রন্থ ও উপাসনালয় কারো একক অধিকারে নেই। শিখদের উপাসনালয়ে আপনি এসে কোরআন বা গীতা পড়তে পারবেন।" "সকলের জন্য উন্মুক্ত বোঝাতে শিখ উপাসনালয়ের চারদিকে চার দরজা রাখা আছে, যা সব সময় খোলা থাকে। সকাল-সন্ধ্যার প্রার্থনা, সাপ্তাহিক প্রার্থনাসহ শিখদের আচার অনুষ্ঠাগুলোতে অন্য সম্প্রদায়ের মানুষও আসে।" বেদখল উপাসনালয় বেদখলের সমস্যা শিখদের সবগুলো উপাসনালয়ে বলে জানান গুরুদুয়ারা ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস। তিনি বলেন, আমাদের নবম গুরু তেগ বাহাদুর জী'র অবস্থানস্থলে গড়ে উঠেছে বাংলাবাজারে অবস্থিত গুরুদুয়ারা। ১৪ কাঠা জমির ওপর অবস্থিত এই উপাসনালয়ে বর্তমানের সাতটি হিন্দু পরিবার রয়েছে। এরা এক সময় ভাড়াটিয়া হিসাবে গুরুদুয়ারায় এসেছিলো। পরে ভাড়া বন্ধ করে দিয়ে দখলদারে পরিণত হয়েছে। "দখলদার আরো একটি পরিবার থাকলেও তাদেরকে প্রচুর টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্য সাতটি পরিবারকে কোনোভাবেই উঠানো যাচ্ছে না।" বর্তমানে সেখানের একটি ভবনের দোতলায় কোনো রকমে পূজা পাঠ চালিয়ে নেওয়া হচ্ছে বলে জানান রবিদাস। "ভাড়াটিয়াদের দখলের এই একই সমস্যায় চট্টগ্রামের দুই গুরুদোয়ারা। রায়ের বাজারের জায়গাটি মুসলিম সম্প্রদায়ের লোকজনের দখলে রয়েছে," বলেন তিনি। 'চুরির সমস্য ঢাবিতে' ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা স্বীকার করলেও চুরি নিয়ে উদ্বেগ রয়েছে রবিদাসের। "এখানে ঘন ঘন চুরির ঘটনা ঘটছে। এটাকে থামানো দরকার," বলেন তিনি। গুরুদুয়ারার ইতিবৃত্ত গুরুদুয়ারার ফলক থেকে জানা যায়, ষষ্ঠ গুরু হর গোবিন্দ জীর আমলে শিখ মিশনারি ভাই নাথা ঢাকায় আসেন। ১৮৩০ সালে এখানে নির্মিত হয় ভবন। পাকিস্তান আমলে এটা পড়ে ছিলো অযতেœ-অবহেলায়। এমনকি প্রার্থনাও হতো না। রবিদাস বলেন, ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীন বাংলাদেশের অভ্যূত্থানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের পর এই গুরুদুয়ারায় আসেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান জগজিৎ সিং অরোরা। এরপর এই গুরুদুয়ারার নতুন যাত্রা শুরু হয়। ১৯৮৮-১৯৮৯ সালের দিকে বাইরের বারান্দা নির্মিত হয়। "জমিদাতা শায়েস্তা খানের কথা মনে রেখে গুরুদুয়ারার বর্তমান ডিজাইন দেওয়া হয়েছে। মূল উপাসনালয়টির গম্বুজ বাদ দিলে পুরোটাই পরী বিবির মাজারের মতো," বলেন রবিদাস। গুরুদুয়ারায় আটটি অতিথি কক্ষ রয়েছে। বিদেশী ধর্মীয় দর্শনার্থীরা এখানে সর্বোচ্চ তিন দিন থাকতে পারেন। ব্যবসায়ীরা থাকতে পারেন সাত দিন। দৈনন্দিন ভাড়া ১০০০ টাকা। তবে স্থানীয়রা বিশেষ অনুমতি ছাড়া এখানে থাকতে পারেন না। এছাড়া গুরুদুয়ারায় 'গুরুদুয়ারা নানকশাহী নিউ দরবার হল' ও 'শিখ গবেষণা কেন্দ্র' রয়েছে। অন্য গুরুদুয়ারার মতো এখানে সকালে 'আসা দিওয়ার' এবং সন্ধ্যায় 'রেহরাস' নামক প্রার্থনা হয়। শুক্রবারে হয় সাপ্তাহিক প্রার্থনা। এ সব প্রার্থনায় যে কোনো ধর্মের লোক অংশ নিতে পারে। সাপ্তাহিক প্রার্থনা শেষে প্রসাদ বিতরণের পাশাপাশি দুপুরের খাবার দেওয়া হয়। এ ছাড়া প্রতিবছর নানক জীর জন্মদিন ও ধর্ম প্রবর্তনের দিন 'খালসা দিওয়াস' পালন করা হয়। কুরবানি ঈদের কারণে এবারের জন্মদিনের উৎসব ১০ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে। খালসা দিওয়াস পহেলা বৈশাখ হলেও বাংলাদেশে এটা পালন করা হয় পরবর্তী প্রথম শুক্রবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১০৫০ ঘ.