লক্ষ্মীপুর, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার এ্যানি সাংবাদিকদের বলেন, সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি শাহাব উদ্দিনের শোক সভা শেষে লক্ষ্মীপুর জেলা শহরে ফেরার পথে সন্ধ্যায় দাসের হাট বাজারে সন্ত্রাসীরা তার গাড়িবহরে হামলা চালায়।
এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইঞাসহ ১০ নেতা-কর্মী আহত হয় বলে দাবি করেন তিনি।
হামলার জন্য যুবলীগ কর্মীদের দায়ী করে তিনি বলেন, "হামলাকারীরা সাত থেকে আটটি মোটর সাইকেল ভাংচুর করেছে।"
এর প্রতিবাদে রাত ৯টার দিকে জেলা শহরে বিক্ষোভ-মিছিল করে বিএনপি।
অবশ্য পুলিশ বলছে, এ্যানীর গাড়িবহরে হামলার কোনো ঘটনা ঘটেনি।
লক্ষ্মীপুর সদর থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংসদ এ্যানির গাড়িবহর দাসের হাট বাজারে পৌঁছালে ওই বহরের একটি মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী রাস্তার পাশে পড়ে যান। তখন ওই পথচারী লাথি মেরে দুটি মোটর সাইকেল ফেলে দেয়।"
এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, "এ ঘটনায় কেউ আহত বা অবরুদ্ধ হওয়ার খবরও আমার কাছে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০৪৬ ঘ.
bdnews24