চট্টগ্রাম, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাটে নোঙ্গর করা অবস্থায় ইঞ্জিন চালিত একটি ট্রলার ডুবে এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আফসার (২৮) মাছ ধরার ওই ট্রলারে কাজ করতেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল কালাম আজাদ।
জিডি দুটি করেন আফসারের স্বজন ও বোটের মালিক মো আবুল হোসেন।
ওসি আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর রাতের দিকে সি বার্ড নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিনে পানি ঢুকে পড়ে। এতে ট্রলারটি নোঙ্গর করা অবস্থায় ধীরে ধীরে ডুবে যায়।
মালিকপক্ষ জানিয়েছে ট্রলারটির উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/১৬০২ ঘ.
bdnews24