ঝালকাঠী, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীর রাজাপুর উপজেলার রাজাপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
নিহত জালাল মোল্লা (৫৫) উপজেলার উত্তর বাঘড়ি গ্রামের প্রয়াত মুজাফফর আলীর ছেলে ।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ জানান, বৃহস্পতিবার ভোরে ঢাকা থেকে আমুয়া গামী আজমিরী পরিবহনের যাত্রীবাহী বাসটি বাঘড়ি এলাকায় জালালকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাঁঠালিয়া থানার ওসি এসএ খালেক জানান, রাজাপুর থানা পুলিশের দেওয়া সংবাদে কাঁঠালিয়া উপজেলার আমুয়া থেকে পুলিশ বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে ।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২১ ঘ.
bdnews24