ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মো. আবু তাসনিমকে দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন আসামি পক্ষের আইনজীবীরা।
বুধবার সকাল পৌনে ১০টায় রাজধানীর আলীয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে অস্থায়ীভাবে নির্মিত মহানগর দায়রা জজ আদালতে এ বিচার কাজ শুরু হয়। দুপুর পৌনে ২টা পর্যন্ত চলার পর ১২ অক্টোবর সকাল সাড়ে ৯টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।
প্রায় চার ঘণ্টা আদালত চলাকালে আসামি পক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট ফরিদসহ কয়েকজন মিলে সেনা কর্মকর্তা তাসনিমকে জেরা করেন।
এ সময় তাসনিম অনেক প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যান। তবে কিছু প্রশ্ন 'অপ্রাসাঙ্গিক' মনে হওয়ায় বিচারক জহুরুল হক আসামিপক্ষের আইনজীবীদের সর্তক করে দেন।
বিচারক বলেন, "এ মামলার প্রায় ১২শ' সাক্ষী। আসামি সাড়ে আটশ'। এ কথা মাথায় রেখে সময় নষ্ট না করে প্রাসাঙ্গিক প্রশ্ন করুন।"
২০০৯ সালের ২২ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর-বিএসএফ যৌথ মহড়া হওয়ার কথা থাকলেও তা কেন হয়নি- আসামিপক্ষের এমন এক প্রশ্নের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।
এ সময় বিচারক জহুরুল হক আসামি পক্ষকে বলেন, "অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে এ আদালতে প্রশ্ন করা যাবে না।"
এ সময় সাক্ষী আবু তাসনিম যৌথ মহড়ার বিষয়টি জানেন না বলে আদালতকে অবহিত করেন। তাছাড়া সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী তিনি এ ধরনের প্রশ্নের জবাব দিতে বাধ্য নন বলেও উল্লেখ করেন।
আসামি পক্ষের আইনজীবী ফরিদ আহমেদ সাক্ষী এবং আদালতকে বলেন, পিলখানায় বিদ্রোহের ঘটনার পর নায়েব সুবেদার ফজলুল করিম ও হাবিলদার আনিসুজ্জামান জীবনের ঝুঁকি নিয়ে সাক্ষী আবু তাসনিমের জীবন বাঁচিয়েছিলেন।
আবু তাসনিম এ সময় আদালতকে বলেন, "বিষয়টি সত্য নয়।"
১২ অক্টোবর আবু তাসনিমকে আবারো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ হলে আদালতে সাক্ষ্য দেবেন ৪৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসুল আলম চৌধুরী। পিলখানা হত্যাযজ্ঞের সময় তিনি ওই ব্যাটালিয়নের দায়িত্বে ছিলেন।
পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা এই হত্যা মামলায় মোট এক হাজার ৮৭ জনকে সাক্ষী করা হয়েছে। গত ২৪ অগাস্ট সাক্ষ্য গ্রহণ ও জেরা শুরু হয়। প্রথমে সাক্ষ্য দেন মামলার বাদী লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খিসা। তারপর সাক্ষ্য দেন নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন। সিগন্যাল সেক্টরের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু তাসনিম এ মামলার তৃতীয় সাক্ষী।
গত বছর জুলাই মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামীলীগ নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলায় ৮৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এরপর এ বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০৩১২ ঘ.
bdnews24