২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌথ অভিযানের মধ্যেই সুন্দরবনে ডাকাতি

সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান চলাকালেই একটি কার্গো জাহাজে লুটপাট চালিয়েছে ডাকাতরা। ডাকাতদের মারপিটে আহত হয়েছে দুই কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

বাগেরহাট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে দস্যু দমনে যৌথ অভিযান চলাকালেই একটি কার্গো জাহাজে লুটপাট চালিয়েছে ডাকাতরা। ডাকাতদের মারপিটে আহত হয়েছে দুই কর্মচারী। বুধবার ভোররাতে শরণখোলা রেঞ্জের আলিবান্ধা-মরাভোলা চ্যানেলের তালবাড়িয়া নামক স্থানে এই ঘটনা বলে জানিয়েছে বন কর্তৃপক্ষ। ডাকাতির শিকার 'এমভি সোহাগপুর' ভারত থেকে আনা ক্লিংকার (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে ঢাকায় যাচ্ছিলো। কার্গোর মাস্টার ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার হেমায়েত হোসেন সাংবাদিকদের জানান, কার্গোটি জোয়ারের জন্য ওই স্থানে অপেক্ষা করছিলো। রাত ৩টার দিকে দুটি ডিঙি নৌকায় করে আসা ১৬/১৭ জনের একটি ডাকাত দল কার্গোটিতে হামলা চালায়। এসময় ডাকাতরা কার্গোর কর্মচারীদের মারধর করে এবং অস্ত্রের মুখে ৪০ হাজার টাকা, ৯টি মোবাইল সেটসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে জানান কার্গোর মাস্টার। সোমবার থেকে দস্যু দমনে কোস্টগার্ড, নৌ-বাহিনী, পুলিশ, র‌্যাব, বনবিভাগ, জেলে ও মৎস্যবাদীদের সমন্বয়ে একটি শক্তিশালী দল পাঁচদিনব্যাপী 'অপারেশন সুন্দরবন-৩' নামে যৌথ অভিযান চালাচ্ছে। আগামী শনিবার শেষ হওয়ার কথা রয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে একদল বনকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ডাকাতের কবলে পড়া কার্গোর মাস্টার ও একজন নাবিককে বন সংলগ্ন শরণখোলা বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়েছে বলে জানান কাশ্যপি। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন) ও 'অপারেশন সুন্দরবন-৩' এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এম হাসানুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোস্টগার্ড শরণখোলা কনটিনজেন্টের কমান্ডার চিফ পেটি অফিসার মো. সিদ্দিকুর রহমান জানান, বন বিভাগের মাধ্যমে ঘটনাটি তারা জেনেছেন। কোস্টগার্ডের সুপতি কনটিনজেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বার্তা পাঠানো হয়েছে বলে জানান সিদ্দিকুর রহমান। ভারত-বাংলাদেশ নৌ-প্রটোকলের আওতায় বাংলাদেশি তিন শতাধিক কার্গো নৌ-পথে ভারত থেকে আমদানিকৃত বিভিন্ন মালামাল দেশের অভ্যন্তরে পরিবহণ করে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৫ ঘ.