২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে'

সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ব্রিটিশ এমপি রুশনারা আলীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বুধবার সকালে রুশনারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় গণতন্ত্র ও সংসদীয় ব্যবস্থাকে জোরদার করতে সরকারের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, "সীমিত সম্পদের মধ্যেও তার সরকার জনগণের জন্য কাজ করে যাচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় নেওয়া হয়েছে নদী ব্যবস্থাপনাসহ নাব্যতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ।" দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থানও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জবাবে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন রুশনারা। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি কর্মকর্তারা পরে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আবাসনসহ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা সাউথ সাউথ পুরস্কার প্রাপ্তি এবং জাতিসংঘের 'শান্তির মডেল' উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। জবাবে শেখ হাসিনা জানান, তার সবই বাংলাদেশের জনগণের। তিনি জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সমস্যাগুলোর বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বই দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আলী আকবরের নেতৃত্বে ওই প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। বৈঠকে শেখ হাসিনা প্রতিনিধিদলের সদস্যদের আয়কর দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তিনিসহ মন্ত্রিসভার সব সদস্য নিয়মিত আয়কর দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৬৫১ ঘ.