সাভার, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। ট্রাকটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আশুলিয়ার ঘোষবাগ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মুক্তা বেগম (২০) গোরাট এলাকার ডেবোনিয়ার গ্র"পের পোশাক কারখানার অপারেটর। তিনি নীলফামারী জেলার কাশিনগর এলাকার মোকসেদ আলীর মেয়ে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে কারখানায় যাওয়ার পথে ঘোষবাগ বাসস্ট্যান্ডে সড়ক পার হওয়ার সময় বাইপাইলগামী একটি ট্রাক মুক্তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
দুর্ঘটনার পর শ্রমিকরা উত্তেজিত হয়ে কিছু সময়ের জন্য ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। ট্রাক চালককেও আটক করে তারা।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকচালক মাসুদ সরকারকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩৮ ঘ.
bdnews24