২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ-নাটোরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২

ঝিনাইদহের হরিণাকুণ্ডু এবং নাটোরের লালপুর উপজেলায় র‌্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 05:27 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঝিনাইদহ/নাটোর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু এবং নাটোরের লালপুর উপজেলায় র‌্যাব-পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই 'চরমপন্থী' নেতা নিহত হয়েছে। ঝিনাইদহে নিহত মুকুল (৩০) বিপ্লবী কমিউনিস্ট পার্টি মোয়াজ্জেম গ্র"পের আঞ্চলিক কমান্ডার বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার ভোররাতে হরিণাকুণ্ডু উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের মিজুখালী মাঠে র‌্যাব-পুলিশের সঙ্গে চরমপন্থীদের 'বন্দুকযুদ্ধে' মুকুল নিহত হন। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জিহাদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পায়রাডাঙ্গা গ্রামের মাঠে এক দল চরমপন্থীর বৈঠকের খবর পেয়ে র‌্যাব ও পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। রাত ৩টা ১০ মিনিটে সেখানে পৌঁছলে চরমপন্থীরা গুলি ছুড়লে আইন-শৃঙ্খলা বাহিনীও পাল্টা গুলি চালায়।" উভয়পক্ষের মধ্যে ১৫ মিনিট 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা পিছু হটলে মুকুলকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা কবির জানান। তাকে ঝিনাইদহ সদর হাসপতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, কবির মারা গেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি বোমা, একটি শাটারগান, একটি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। মুকুল চুয়াডাঙ্গা জেলার পার আলমডাঙ্গা গ্রামের ফকির চাঁদ মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটিসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। নাটোরে নিহত জাহাঙ্গীর হোসেন (৪২) কুখ্যাত পান্নাবাহিনীর সদস্য বলে র‌্যাব জানিয়েছে। জাহাঙ্গীর নিহত হন লালপুর উপজেলার বিলমাড়িয়া কলেজের পেছনে। র‌্যাব-৫ সদস্যরা সেখানে অভিযান চালিয়েছিলো। ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৫০ রাউন্ড গুলিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। র‌্যাব-৫ (রাজশাহী) এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, রাত সাড়ে ৩টার দিকে বিলমাড়িয়া কলেজের পেছনের রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিতে জড়ো হওয়া ৬/৭ দুর্বৃত্তের সঙ্গে র‌্যাবের টহল দলের 'বন্দুকযুদ্ধ' হয়। এতে পান্না বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান জাহাঙ্গীর গুলিবিদ্ধ এবং দুই র‌্যাব সদস্য সামান্য আহত হন। গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জাহাঙ্গীর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মৃত ছামসের আলীর ছেলে। লালপুরে একটি ভাড়া বাসায় থেকে তিনি বাহিনী পরিচালনা করতেন বলে র‌্যাব দাবি করেছে। লালপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরের পাঁচ সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি ও কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। র‌্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, নিহত জাহাঙ্গীর পান্নাবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান। পান্না 'ক্রসফায়ারে' নিহত হওয়ার পর থেকে জাহাঙ্গীর দলের নেতৃত্ব দিচ্ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ২০০১ সালে কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুর ও রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদী তীরবর্তী এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পান্না বাহিনী ও লালচাঁদ বাহিনী নামে দুটি দলে সংগঠিত হয়। তারা ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করতো। দুই বাহিনীর প্রধান পান্না ও লালচাঁদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ক্রসফায়ারে নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১২২ ঘ.