২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে ৫৬ কর্মকর্তার পদোন্নতি

দীর্ঘ আট বছর পর নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং তাদের প্রথমবারের মতো মাঠ পর্যায়ে বদলির মধ্য দিয়ে এ সংস্থাকে ঢেলে সাজানো শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ আট বছর পর নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের পদোন্নতি এবং তাদের প্রথমবারের মতো মাঠ পর্যায়ে বদলির মধ্য দিয়ে এ সংস্থাকে ঢেলে সাজানো শুরু হয়েছে। স্বতন্ত্র নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠার পর নতুন জনবল কাঠামো অনুসরণ করে মঙ্গলবার প্রথমবারের মতো যুগ্মসচিব, উপ সচিব ও জ্যেষ্ঠ সহকারী সচিব পদে ৫৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এদের মধ্যে দুইজন যুগ্মসচিব, ৯ জন উপ সচিব/পরিচালক এবং ৪৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব/অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন অফিসার/উপ পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। এছাড়া পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজনকে সচিবালয় থেকে মাঠ পর্যায়ে বদলি করা হচ্ছে, যা আগে কখনো হয়নি। এক সপ্তাহের মধ্যে এসব বদলির আদেশ হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া জেসমিন টুলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে পদোন্নতি পাওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা ইসি সচিবালয়ে যোগ দিয়েছেন। "ইসির সিদ্ধান্ত পেলে শিগগিরই তাদের মাঠপর্যায়ে পদায়নের আদেশ জারি করা হবে", যোগ করেন তিনি। ১৯৭৯ সালে প্রণীত ইসির চাকরিবিধি অনুযায়ী কোনো কর্মকর্তা আগারঁগাওয়ে ইসি সচিবালয়ে নিয়োগ পেলে তাকে আর মাঠপর্যায়ে বদলির সুযোগ থাকতো না। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে ২০০৯ সালে স্বতন্ত্র ইসি সচিবালয় আইন প্রণয়ন করা হয় এবং চাকরিবিধি সংস্কার করে নতুন জনবল কাঠামোর তৈরির উদ্যোগ নেয় ইসি। কয়েক দফায় প্রথম শ্রেণীর কর্মকর্তাদের গ্রেডেশন লিস্ট হওয়ার পর মঙ্গলবার প্রথমধাপে পদোন্নতি পেলেন ৫৬ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮০৮ ঘ. পদোন্নতি পেলেন যারা