বগুড়া, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া আযিযুল হক কলেজের বিভিন্ন তহবিলের ৩৪ লাখ টাকা আত্মসাতের মামলার তদন্তে সাবেক অধ্যক্ষ এবং ছাত্রলীগ নেতাদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. কামরুল আহসান মঙ্গলবার অর্থ আত্মসাতের দুটি মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছেন।
তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দুই মামলায় সাবেক অধ্যক্ষ ড. সুলতান আলীসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
অভিযোগপত্রভুক্ত ছাত্রলীগ নেতারা হলেন- সংগঠনটির কলেজ কমিটির আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেল, দুই যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা উজ্জ্বল ও কামরুল হাসান ডালিম।
অন্য আসামিরা হলেন- কলেজের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী জসিম উদ্দিন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান সহকারী আবু এরশাদ মো. মিজানুর রহমান, হিসাব সহকারী এস এম আব্দুল মান্নান, রফিকুল ইসলাম, অফিস সহকারী আবুল হোসেন, ক্যাশিয়ার গোলাম আজম, ইলেক্ট্রিশিয়ান মো. মোন্তেজার রহমান, সহকারী ইলেকক্ট্রিশিয়ান আজহারুল ইসলাম, ক্যাশ সহকারী মেহেদী হাসান, পিওন এম এ হান্নান, মো. শাহিনুর ইসলাম শাহিন, জাহিদুর রহমান, হারুণুর রশিদ, মো. আলমগীর, মো. আব্দুল বাছেত, দেলোয়ার হোসেন, শাহাদত হোসেন সাজ্জাদ ও ময়নুল হক।
কলেজ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৪ অক্টোবর বগুড়া সদর থানায় ওই ২২ জনসহ মোট ২৩ জনকে আসামি করে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন।
এ সব মামলায় আসামিদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ নভেম্বর থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কলেজের দরিদ্র শিক্ষার্থী ও চিকিৎসা তহবিলসহ সাতটি খাত থেকে ৬৮ লাখ ৭০ হাজার ১৪০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এর মধ্যে দুটি মামলায় ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা জানান।
মামলার অন্য আসামি আযিযুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক সহসাধারণ সম্পাদক (এজিএস) ও যুবলীগ নেতা আমিনুল ইসলাম ডাবলুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি জানিয়ে তাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
দুই মামলায় কলেজের বর্তমান অধ্যক্ষ এ কে এম ছালামত উল্লাহসহ মোট ৪৫ জনকে সাক্ষী করা হয়েছে।
তিনটি মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক বীরকান্ত রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অন্য মামলার অভিযোগপত্রও শিগগিরই দাখিল করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24