মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও খাস জমি পাওয়া সাপেক্ষে দেশের প্রতিটি বিভাগে একটি অথবা একাধিক সমবায়ভিত্তিক গোচারণ ভূমি সৃষ্টির উদ্যোগ নিচ্ছে সরকার।
এরপর পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এবং দুগ্ধ উৎপাদনকারী এলাকাতেও গবাদি পশুর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের গোচারণ ভূমি সৃষ্টি করা হতে পারে।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এজন্য 'সমবায় গোচারণভূমি নীতিমালা-২০১১' নামে একটি নীতিমালার খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিসভা এ নীতিমালার অনুমোদন দেয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠকে প্রস্তাবটি উপস্থাপন করেন। বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদারও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৬ জুলাই 'সমবায় গোচারণ আইন, ২০১১' আইন প্রণয়নের প্রস্তাব উপস্থাপন করা হয় মন্ত্রিসভায়। কিন্তু প্রস্তাবটি অনুমোদন না করে এজন্য একটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
এর পরিপ্রেক্ষিতেই নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সচিব মিহির মজুমদার।
মন্ত্রিসভায় নীতিগতভাবে অনুমোদিত গোচারণ নীতিমালায় বলা হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কুঠিবাড়িতে এক হাজার ২৯৬ দশমিক ২৫ একর ও পাবনার ফরিদপুর ১১২ দশমিক ৮২ একর জমিতে গোচারণভূমি সৃষ্টি করেন।
পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে ওই এলাকায় সমবায়ভিত্তিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন 'মিল্ক ভিটা' প্রতিষ্ঠা করেন। মিল্ক ভিটার মাধ্যমে সেখানে দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানাও স্থাপন করা হয়।
এই এক হাজার ৪০৯ দশমিক ০৭ একর জমির মধ্যে জালিয়াতির মাধ্যমে ২৩৬ একর জমি বেদখল হয়ে বর্তমানে গোচারণের আওতার বাইরে রয়েছে। আরো কিছু জমি দখলের চেষ্টা করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। এজন্য আদালতে সাতটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গোচারণভূমি নীতিমালায় যা রয়েছে
নীতিমালায় বলা হয়, দেশে বর্তমানে দুই হাজার দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি রয়েছে। এর মাধ্যমে দেশে বর্তমানে প্রায় সাড়ে আট কোটি লিটার দুধের উৎপাদন ও সংগ্রহ হয় এবং লেনদেন হয় প্রায় দুই হাজার ৪০০ কোটি টাকা। এসব সমিতির গরু ও মহিষের জন্য গোচারণ ভূমি সৃষ্টি এবং সংরক্ষণ করা প্রয়োজন।
এজন্য শাহজাদপুরে বর্তমান গোচারণভূমি রক্ষা এবং রবীন্দ্র কুঠিবাড়িসহ স্থানীয়ভাবে বেদখল হওয়া প্রায় ৪০০ একর গোচারণভূমিতে আবারো গোচারণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।
একইসঙ্গে সমুদ্র বা নদী থেকে জেগে ওঠা চরাঞ্চল, দেশের প্রতিটি বিভাগ ও জেলায় সরকারি খাস জমিতে সরকারি অথবা ব্যক্তিগত উদ্যোগে এবং প্রয়োজনে গোচারণ ভূমি সৃষ্টির জন্য ব্যক্তিগত ভূমি অধিগ্রহণ করে গোচারণ ভূমি সৃষ্টি করা হবে। এসব গোচারণ ভূমি হবে ২০০ থেকে ৪০০ একর জমিতে।
তবে প্রাথমিকভাবে প্রতি বিভাগে এক বা একাধিক গোচারণ ভূমি সৃষ্টি করা হবে। গোচারণ ভূমি হিসেবে চিহ্নিত ভূমি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না বলেও এতে বলা হয়।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সহায়তা নিয়ে সমবায় গোচারণভূমিতে উন্নত প্রজাতির ঘাস তৈরি, সমবায় ভিত্তিতে গবাদি-পশু পালনের মাধ্যমে গরু ও মহিষের দুধ উৎপাদন বৃদ্ধি ও চাহিদা পূরণ, বাজারজাত করার মাধ্যমে দুগ্ধ চাষীদের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে এতে বলা হয়েছে।
নীতিমালায় জেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড এবং মিল্কভিটার প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমবায় গোচারণ ভূমি সৃষ্টি, সংরক্ষণ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে।
তবে হাওড় ও চর এলাকায় হাওড় উন্নয়ন বোর্ড এবং চর উন্নয়ন বোর্ডের প্রতিনিধিও এ কমিটিতে অন্তর্ভূক্ত হবেন।
এতে সিরাজগঞ্জের শাহজাদপুর ও পাবনার ফরিদপুরের গোচারণভূমি ব্যক্তিগত ভূমিতে রূপান্তর বা অন্য কোন কাজে ব্যবহার বন্ধে আইনগত কার্যক্রম গ্রহণ এবং নতুন গোচারণ ভূমি সৃষ্টির প্রয়োজনে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে ব্যক্তিগত জমি অধিগ্রহণ করার কথাও বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৩১০ ঘ.
bdnews24