ঝিনাইদহ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলায় এক এনজিওকর্মী ও এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
হরিণাকুণ্ডুর দখলপুর গ্রামে মঙ্গলবার প্রথম প্রহরে বেসরকারি প্রতিষ্ঠান আশা'র কর্মী রবিউল ইসলামকে (২৭) কুপিয়ে হত্যা করা হয়। তিনি আশা'র হরিণাকুণ্ডু ডাকবাংলা শাখার কর্মী ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রবিউল দখলপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী তাকে ঘর থেকে বের করে বারান্দায় এনে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।
শৈলকুপা উপজেলার গোয়ারবাড়িয়া গ্রামে সোমবার রাত সাড়ে ৭টার দিকে স্বামী পরিত্যক্তা ফুলজান বেগম ওরফে ফুলুকে (৪৫) কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলজান বেগমকে ডেকে নিয়ে বাড়ির পাশে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিবেশী ফারুক।
ফুলজানকে গ্রামবাসী উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পাবনার বাসিন্দা এক প্রবাসীর সঙ্গে ফুলজানের বিয়ে হলেও বছর দেড়েক আগে ছাড়াছাড়ি হয়ে যায়। এর পর থেকেই ফুলজান বাবার বাড়িতে থাকতেন। তার একটি ছেলে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১১৩৪ ঘ.
bdnews24