গাজীপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন জন আহত হয়েছে।
মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার লোহাকৈর এলাকায় তারা গণপিটুনির স্বীকার হয় বলে পুলিশ জানিয়েছে। তিন জনকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
আহতদের পরিচয় জানা যায়নি। তাদের কাছে একটি পিক-আপ ভ্যান ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রাত সাড়ে ৩টার দিকে লোহাকৈর এলাকায় ক'জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা বনের ভেতরে পালানোর চেষ্টা করে। তখন এলাকাবাসী বনে ভেতর থেকে তিন ডাকাতকে ধরে ফেলে।"
খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে আহত অবস্থায় তিন জনকে উদ্ধার করে বলে পুলিশ কর্মকর্তা রফিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৫২ ঘ.
bdnews24