২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের শেষ সপ্তাহে জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ অক্টোবর তিন দিনের সফরে জার্মানি যাচ্ছেন বলে জানিয়েছেন সে দেশের রাষ্ট্রদূত হোলগার মাইকেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, ০৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের সফরে আগামী ২৩ অক্টোবর জার্মানি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি জার্মান চান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানিয়েছেন জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের চান্সেলরের সাথে ২৫ অক্টোবর বৈঠকে বসবেন। এই সফরে জার্মান সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।" এছাড়া জার্মানিতে ২৩ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সম্মেলনে এবং ২৪ অক্টোবর একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও জার্মানির মধ্যে সরকারি পর্যায়ে যোগাযোগ বাড়াতে আগামী কয়েক মাসে দুই দেশের প্রতিনিধিরা কয়েক দফা সফর করবেন। জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টোফার ভুলফ্ নভেম্বরের শেষের দিকে ঢাকা আসবেন। এটি হবে বাংলাদেশে কোনো জার্মান প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। এর আগে সাবেক জার্মান প্রেসিডেন্ট ফন ভাইজুকার ১৯৮৬ সালে বাংলাদেশে এসেছিলেন। হোলগার জানান, বাণিজ্যমন্ত্রী ফারুক খান জার্মানিতে এক সপ্তাহের সফর শেষে সোমবার দেশে ফিরেছেন। আগামী মাসে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন সফরে যাবেন। "পররাষ্ট্রমন্ত্রী দিপু মণিও গত মাসে জার্মানি গিয়েছিলেন। আফগানিস্তান বিষয়ে একটি সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে তার আবারো যাওয়ার কথা রয়েছে।" বাণিজ্য সম্ভবনা জার্মান রাষ্ট্রদূত জানান, বাণিজ্য বাড়াতে বাংলাদেশে দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও যথাযথ অবকাঠামো প্রয়োজন। "জার্মান কোম্পানিগুলো এখানে কোনো ব্যবসা শুরুর আগে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার কথাই বিবেচনা করবে।" তিনি জানান, জার্মানি জ্বালানি খাতসহ অন্যান্য খাতে বাংলাদেশকে সহায়তা করছে। "জার্মানির সহায়তায় এরই মধ্যে দশ লাখ সোলার প্যানেল বিলি করা হয়েছে। জিটিজেড জ্বালানি খাতে বাংলাদেশের দক্ষতা বাড়াতে কাজ করছে।" বাণিজ্য মেলা বাংলাদেশ-জার্মান জয়েন্ট চেম্বার ঢাকায় ২৭ অক্টোবর থেকে তিন দিনব্যাপী একটি বাণিজ্য মেলার আয়োজন করবে বলে রাষ্ট্রদূত জানান। চেম্বার সভাপতি সাইফুল ইসলাম জানান, বাংলাদেশের ৫০টি এবং জার্মানির ৫০টি কোম্পানি এতে অংশ নেবে। "মেলায় ২৫ হাজার দর্শনার্থী আসবে বলে আমরা আশা করছি", যোগ করেন তিনি। ২০১০ সালে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৪০০ কোটি ডলারের মতো। এ বছর তা ৪০ শতাংশ বাড়তে পারে বলে আশা প্রকাশ করেন সাইফুল। তিনি জানান, মেলায় বিভিন্ন বিষয়ের ওপর আলোচনারও আয়োজন করা হবে। দুই দেশের দুই নোবেলবিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং অধ্যাপক উলফগ্যাং ক্রেমার এতে অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/জেকে/২০৩০ ঘ.