২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির ১৯ দিন পর ৩৪ ভরি গয়না ফেরত

মা ও শাশুড়ি গ্রেপ্তার হওয়ার পর বিপদ বুঝতে পেরে চুরি করা ৩৪ ভরি সোনার গয়না ফেরত দিয়েছে এক গৃহপরিচারিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 04:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মা ও শাশুড়ি গ্রেপ্তার হওয়ার পর বিপদ বুঝতে পেরে চুরি করা ৩৪ ভরি সোনার গয়না ফেরত দিয়েছে এক গৃহপরিচারিকা। অবশ্য গৃহকর্তার সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। পুলিশ জানায়, হামিদা বেগম (২২) নামের ওই গৃহপরিচারিকা রাজধানীর গুলশানে একটি বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানের বাসায় কাজ করতেন। গত ১৩ সেপ্টেম্বর ওই বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যান তিনি। ওই ঘটনার দুদিন পর গুলশান থানায় একটি মামলা করেন ওই বাড়ির মালিক এ কিউ সিদ্দিকী। মামলাটি তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক ওবায়দুল ইসলাম। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তদন্তে জানা যায়, হামিদা তার গৃহকর্তা এ কিউ সিদ্দিকীকে গ্রামের বাড়ির শরিয়তপুরের যে ঠিকানা দিয়েছিলেন, তা ভুয়া। তার বাড়ি আসলে ফরিদপুরের শালতা থানা এলাকায়। গত ২৯ সেপ্টেম্বর রাতে ফরিদপুরে হামিদার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাকে সেখানে না পেয়ে তার মা রোকেয়াকে গ্রেপ্তার করা হয়। তারপর একই জেলার আলফাডাঙা থানায় হামিদার শ্বশুড়বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় শাশুড়ি ডলি বেগমকে। তাদের দুজনকে ঢাকায় আনার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান উপ-পরিদর্শক ওবায়দুল। তিনি বলেন, হামিদার মা এবং শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে তার সম্ভাব্য অবস্থান সম্পর্কে জানার চেষ্টা চলছিল। এই অবস্থায় রোববার হঠাৎ করেই গৃহকর্তা এ কিউ সিদ্দিকীর কারওরান বাজারের অফিসে যান হামিদা। চুরি করার ১৯ দিন পর ৩৪ ভরি সোনার গয়নাও ফেরত দেন তিনি। এ কিউ সিদ্দিকী বলেন, "হামিদা চুরি যাওয়া সব স্বর্ণালংকার নিয়ে আমার অফিসে আসে। এরপর নিরাপত্তার স্বার্থে সেগুলো ব্যাংকের লকারে রাখা হয়েছে।" তিনি জানান, হামিদাকে পরে কৌশলে বাসায় নেওয়া হয়। তদন্ত কর্মকর্তা ওবায়দুল ইসলামও সেখানে যান এবং হামিদার সঙ্গে কথা বলেন। "পরে স্বাস্থ্যগত সমস্যার কারণে হামিদাকে গ্রেপ্তার না করার জন্য আমরা পুলিশ কর্মকর্তার কাছে অনুরোধ জানাই", যোগ করেন সিদ্দিকী। তিনি বলেন, পুলিশ কর্মকর্তা ওবায়দুল তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে হামিদাকে গ্রেপ্তার না করার আশ্বাস দিয়ে চলে যান। ওবায়দুল বলেন, "চুরি হওয়ার পর মালামাল উদ্ধার করাই পুলিশের প্রথম কাজ। সেটা একটু ভিন্ন কৌশলে করা হয়েছে। আমরা সফলও হয়েছি। মামলার বাদী এ কিউ সিদ্দিকী মামলা না চালানোর জন্য লিখিত দিয়েছেন। আমরা আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেব।" হামিদা সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালাতো বোন রাশিদার প্ররোচনায় তিনি এ ঘটনা ঘটান। "আমি সবকিছু বুঝতে পেরে সব ফেরত দিয়েছি," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৯৪৩ ঘ.