ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় এক স্কুলছাত্র নিহতের ঘটনায় প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা। এ সময় প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর হয়।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিরাসা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
এরপর অবরোধে দুপুর সোয়া ২টা পর্যন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
নিহত আরিফুল ইসলাম তৌহিদ (৭) বিরাসার মার্কাসপাড়ার চাইন্ড কেয়ার স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি লোকাল বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় তৌহিদ। এর পরপরই ক্ষুব্ধ এলাকাবাসী কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং অর্ধশতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ভাংচুর করে।
পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে, তবে চালক পলাতক রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৯০৪ ঘ.
bdnews24