নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কাজ করছে তারা। তবে
অবিশ্বাস্য হলেও সত্যি সরবরাহ লাইন পুড়ে যাওয়ায় তাদেরই একটি কেন্দ্রে বিদ্যুৎ নেই গত ২০ দিন।
ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাংলাদেশ পরমাণু শক্তি কেন্দ্রে। এটি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) একটি কেন্দ্র।
স¤প্রতি ৬০০-১০০০ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিএইসি'র সঙ্গে রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের সমঝোতা চুক্তি হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ঢাকার ওই কেন্দ্রের মূল বিদ্যুৎ সরবরাহ লাইন পুড়ে যাওয়ার ২০ দিন পর রোববার তা পুনর্স্থাপন করা হয়। তবে কর্তৃপক্ষ বলছে, রোববার ট্রান্সফরমার বিস্ফোরিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ চালু হতে আরো সময় লেগে যাবে।
বিএইসি ও এর বিভিন্ন কেন্দ্রের বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে তাদের নিজস্ব প্রকৌশল বিভাগ রয়েছে।
কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, "এই কেন্দ্রটি বিএইসি নিয়ন্ত্রণ করে। বিএইসি'র প্রকৌশলীরা সরবরাহ লাইন ঠিক করতে কঠোর পরিশ্রম করেছেন। তবে চেয়ারম্যান দেশে ছিলেন না বলে সরবরাহ লাইন পুনর্স্থাপনে এতোদিন লেগেছে।"
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের একজন গবেষক বলেন, এখানে আমদানি ও রপ্তানি পণ্যের তেজস্ক্রিয়তার বিশ্লেষণধর্মী প্রতিবেদনের পাশাপাশি হাসপাতাল ও ক্লিনিকে এক্স-রে যন্ত্র স্থাপনের লাইসেন্স দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় এক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হতে পারে।
"প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে খাদ্যের মান পরিবর্তন হয়ে গেলে পরীক্ষায় ভুল ফলাফল আসবে। একটি ভুল পরীক্ষার কারণে রপ্তানি আদেশ বাতিলও হয়ে যেতে পারে, যা বাংলাদেশের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে।"
দীর্ঘ দিন কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় কর্তৃপক্ষকেই দুষছেন তারা।
রোববার সরেজমিনে ওই কেন্দ্রে দেখা গেছে, পরীক্ষাগারগুলো বন্ধ। কর্মীরা আলাদা একটি কক্ষে বসে গাল-গল্পে মেতেছেন।
বিদ্যুৎ না থাকার বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন কি না- পরিচালক ড. মুহাম্মদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো জবাব দেননি।
যদিও তার দাবি, বিদ্যুৎ না থাকার কারণে তাদের কাজ-কর্মে তেমন কোনো সমস্যা হয়নি। বরং সরকারের বিদ্যুৎ সাশ্রয় হয়েছে।
একজন গবেষক জানান, স¤প্রতি তাদের একটি বৈঠকে বিদেশে অবস্থানরত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে না পারার বিষয়টি পরিচালক সবাইকে অবহিত করেন।
১৪ থেকে ২৯ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় একটি সেমিনারে অংশ নেন বিএইসি চেয়ারম্যান আবু সাঈদ মোহাম্মদ ফিরোজ। বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন।
রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আজকে আমরা জরুরি বৈঠক করেছি। আশা করছি, খুব কম সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে।"
সরকারি ক্রয় নীতির জটিলতার কারণে নতুন ট্রান্সফরমার পেতে দেরি হলে এক্ষেত্রে আরো কিছুটা সময় লেগে যেতে পারে বলে জানান চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২০২৯ ঘ.
bdnews24