ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি অটোরিকশায় এক তরুণীর লাশ পাওয়া গেছে।
নিহত নাসিমা আক্তার মনি (২৮) নারিন্দার শরৎ গুপ্ত লেনের ১১৬/এ নম্বর বাসায় থাকতেন।
তাকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে।
তবে পুলিশ বলছে, স্বামী-স্ত্রীর ঝগড়া পর মনি দরজা বন্দ করে আত্মহত্যা ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
গেন্ডারিয়া থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের আট বছরের ছেলে মাহিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, দুজনের ঝগড়ার পর মনি ঘরের দরজা বন্দ করে আত্মহত্যার চেষ্টা করেন।"
"মনির স্বামী কাওসার দরজা ভেঙে মনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।"
মনির মা শাহিদা বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের বলেন, " মনিকে ১১ বছর আগে কামরুল নামে এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়। কামরুল বর্তমানে জাপানে রয়েছে। কিন্তু পাঁচ মাস আগে কাওসার নামে একজন তাকে ফুসলিয়ে বিয়ে করে।"
বিয়ের পর থেকে কাওসার মনিকে মারধর করতেন জানিয়ে শাহিদা বলেন, আজও (রোববার) মারধর করার সময় নাতি মাহি তাকে ফোনে জানান।
শাহিদার অভিযোগ, "মনিকে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।"
মাহি মনির আগের ঘরের সন্তান বলে জানান তিনি।
রোববার দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে একটি অটোরিকশায় চালক বাবুল মনিকে নিয়ে আসেন।
তিনি তখন সাংবাদিকদের বলেন, "দুপুর ১২টার দিকে ওয়ারি পোস্ট অফিস গলিতে রিকশায় করে এসে একজন আমার সিএনজিতে ওই তরুণীকে নিয়ে ঢামেক হাসপাতালের যাওয়ার কথা বলে।"
বঙ্গবাজার মোড়ে এসে ওই যুবক তার ভাইকে ডেকে আনার কথা বলে মার্কেটের ভেতরে ঢোকেন জানিয়ে অটোচালক বলেন, আধা ঘণ্টা অপেক্ষা করে ওই যুবককে আর আসতে না দেখে আমি মেয়েটিকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।
পুলিশ বাবুলকে আটক করে ঘটনাস্থলে নিয়ে যায়। পরে মনির মা বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে এসে লাশ সনাক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০১৮ ঘ.
bdnews24