ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র-সেনা সংঘর্ষ বিষয়ে টেলিকনফারেন্সের 'কিছু' বক্তব্য রেকর্ড না হওয়ায় তা লিখিতভাবে দেবেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
সংসদীয় এ স্থায়ী কমিটির একটি উপ-কমিটি ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সেনা সংঘর্ষের ঘটনা তদন্ত করছে।
চার সদস্যের উপ-কমিটি গত ১৩ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধানের সঙ্গে ঘটনা সম্পর্কে জানতে টেলিকনফারেন্স করে।
উপ-কমিটির আহ্বায়ক মেনন জানান, যান্ত্রিক ত্র"টির কারণে টেলিকনফারেন্সের পুরো রেকর্ড সম্ভব হয়নি।
"কিছু বক্তব্য রেকর্ড না থাকায় সাবেক সেনাপ্রধানের কাছে সংশ্লিষ্ট বিষয়ে লিখিত বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। অসুস্থ থাকায় তিনি (মইন) এখনই বক্তব্য দিতে চান না, সময় করে লিখিত বক্তব্য পাঠাতে পারবেন বলে জানিয়েছেন।"
স¤প্রতি ই মেইল বার্তা পেয়েছেন উল্লেখ করে মেনন জানান, তবে কবে নাগাদ সাবেক সেনাপ্রধান তার বক্তব্য দিতে পারবেন তা স্পষ্ট করেননি।
গত ১৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত একটি উপকমিটির সঙ্গে টেলিকনফারেন্স মইন বলেন, ২০০৭ সালের অগাস্টের ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত হলেও এতে তার কোনো ভূমিকা ছিলো না।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত মইন উ আহমেদের সঙ্গে টেলিকনফারেন্সের পর উপকমিটির আহ্বায়ক রাশেদ খান মেনন বলেন, "তিনি (মইন) বলেছেন, ওই সময় একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেছে, পরবর্তী সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো, তা সামাল দিতে উপদেষ্টামণ্ডলী (তত্ত্বাবধায়ক সরকার) যে সিদ্ধান্ত নিয়েছিলো, তাই বাস্তবায়ন করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিলো না।"
মহাজোট সরকার ক্ষমতায় যাওয়ার পর শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ওই সময়কার ঘটনার অনুসন্ধানে এ উপকমিটি করে।
সংসদীয় উপকমিটি গত বছর এ বিষয়টি নিয়ে কাজ শুরুর পর এ পর্যন্ত বিভিন্ন সেনা কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য শুনেছে। তবে ডাকা হলেও কমিটির সঙ্গে দেখা করতে আসেননি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদ।
এ দুজন ই-মেইলে বক্তব্য পাঠালেও তা পূর্ণাঙ্গ নয় বলে মনে করছে সংসদীয় উপকমিটি।
এরপর কমিটি তত্ত্বাবধায়ক সরকারের মূল কর্তাদের বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ার হুঁশিয়ারি দিলে মইন উ আহমেদ টেলিকনফারেন্সে বক্তব্য দিতে রাজি হন।
মইনের সাড়া মিললেও বিদেশে অবস্থানরত ফখরুদ্দীন এখনো কিছু জানাননি। মেনন আশা করেছেন, ফখরুদ্দীনও মইন উ আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনে বক্তব্য নিয়ে হাজির হবেন।
উপকমিটির প্রতিবেদন সংসদের আগামী অধিবেশনে উপস্থাপনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৪৯ ঘ.
bdnews24