ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহবাগে গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ ছাত্র জামিনে ছাড়া পেয়েছেন।
শনিবার আদালতের মাধ্যমে তাদের মুক্ত করা হয় বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিজেদের আয়ে চলা সংক্রান্ত আইন সংশোধনসহ তিন দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থনে শাহবাগে একটি সমাবেশ থেকে শুক্রবার ওই ছাত্রদের গ্রেপ্তার করে পুলিশ।
২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিলের দাবিতে আন্দোলন করছে পুরান ঢাকার এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ধারায় বলা আছে, প্রতিষ্ঠার পাঁচ বছর পর বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন অভ্যন্তরীণ উৎস থেকে করতে হবে।
এতে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ৩ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার পর শিক্ষার্থীরা গত রোববার বিক্ষোভে ফেটে পড়ে। জাতীয় প্রেসক্লাবে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভের সময় ভাংচুর চালালে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করে।
আন্দোলনের মুখে গত বুধবার এ পাবলিক বিশ্ববিদ্যালয় পূজার ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করে।
শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে পুলিশের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। এর পাশাপাশি বেদখল হল উদ্ধার, শিক্ষক সঙ্কট দূর করার দাবিও রয়েছে তাদের।
আগামী ২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং ৮ অক্টোবর শহীদ মিনারে সংহতি সমাবেশের কর্মসূচি রয়েছে শিক্ষার্থীদের।
এছাড়া ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার পর দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৪ ঘ.
bdnews24