ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে পাথর ছুড়ে ও পিটিয়ে হত্যার কয়েকটি নজির তুলে ধরে হত্যা বন্ধে বিএসএফের প্রতিশ্র"তি এবং এ বাহিনীর প্রধানের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান।
সীমান্তে হত্যা বন্ধে বিএসএফের প্রতিশ্র"তির বিষয়ে শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, "সীমান্তে এখন বিএসএফ গুলি বন্ধ করেছে বটে, কিন্তু তারা এখন লাঠি দিয়ে, পাথর ছুড়ে মানুষ মারছে।"
সীমান্তের হত্যার ঘটনাকে 'মৃত্যু' অভিহিত করে বিএসএফ প্রধান রমন শ্রীবাস্তবের বক্তব্যের সমালোচনা করে সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, "এটা কী ধরনের কথা হলো? বিএসএফ প্রধানের এ বক্তব্য সঠিক নয় এবং কোন বিবেচনায় তিনি এ কথা বলেছেন, তাও আমাদের বোধগম্য হয়নি।"
সীমান্তে বাংলাদেশি হত্যা অব্যাহত থাকলে যৌথ সীমান্ত ব্যবস্থাপনা সফল হবে না বলে মনে করেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুব বলেন, "এই পরিস্থিতিতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। এটা পাগলও বুঝতে পারে।"
"সরকার তার গদি চিরস্থায়ী করার জন্য গায়ের জোরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে," বলেন তিনি।
সরকার পতনের আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে জনগণের প্রতি আহ্বান জানান মাহবুব।
'হৃদয়ে বাংলাদেশ' আয়োজিত ওই বৈঠকে আলোচনায় অংশ নেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমআই/১৭২৩ ঘ.
bdnews24