ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাদের বাৎসরিক আয় ৫০ হাজার টাকার কম তারা সরকারি খরচে আইনজীবী নিয়োগসহ অন্যান্য আইনগত সহায়তা পাবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শনিবার রাজধানীর একটি হোটেলে 'সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান কার্যক্রম ও দেওয়ানি কার্যবিধি (সংশোধন) বিল ২০১১' শীর্ষক এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এ কথা বলেন।
যাদের বাৎসরিক আয় ৫০ হাজার টাকার কম তারা সরকারি খরচে আইনজীবী নিয়োগসহ অন্যান্য আইনগত সহায়তা পাবেন। তবে মুক্তিযোদ্ধাদের জন্য আয়ের এই সীমা ৭৫ হাজার টাকা।
শফিক আহমেদ বলেন, বাংলাদেশের সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান ও আইনগত সুরক্ষা পাওয়ার অধিকার সবার রয়েছে, নাগরিকদের এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। যদি তাই হয়, তাহলে আর্থিকভাবে যারা স্বচ্ছল নয়, তারা কীভাবে সমান সুরক্ষা পাবে।
"এটা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। এ জন্য ২০০০ সালে আইন করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নীতিমালা করা হয়েছে।"
সত্যিকারের অস্বচ্ছলদের আইনগত সহায়তা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদেরও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
আইনগত সহায়তার সঙ্গে মামলার দীর্ঘসূত্রিতার বিষয়টি জড়িত উল্লেখ করে শফিক বলেন, অনেক মামলাই বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সমাধান করা যায়। দেশের গ্রাম্য সালিশে অনেক সমস্যার সমাধান করা হয়।
মন্ত্রী জানান, কোনো কোনো পরিসংখ্যান অনুযায়ী দেশে প্রায় ২০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। এটা দেশের বিচার বিভাগের জন্য দুঃখজনক। বর্তমান অবস্থায় এর উন্নতি করা কঠিন।
"তাই সবার মতামত নিয়ে আমরা আইন যুগোপযোগী করবো।"
অস্বচ্ছল মানুষদের জন্য আইনগত সহায়তা নিশ্চিত করতে জেলার বিচারক ও আইনজীবী সমিতির সভাপতি সম্পাদকসহ আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৬৩০ ঘ.
bdnews24