চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মটর সাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক কনস্টেবলসহ সাত জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম পুলিশ।
তাদের কাছ থেকে একটি চোরাই মটর সাইকেল উদ্ধারও করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার উপপরিদর্শক নেজাম উদ্দিন জানিয়েছেন।
গ্রেপ্তার পুলিশ কনস্টেবল হলেন- শাহাজালাল রিপন। তিনি চট্টগ্রাম শিল্প পুলিশে কর্মরত।
অভিযানে অংশ নেওয়া এসআই নেজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের পাহাড়তলী থানার লোহারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মটর সাইকেল চুরি এবং চোরাই মটর সাইকেল কেনা-বেচায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানান তিনি।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24