ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈষম্য ও দারিদ্র্য সরাসরি সম্পর্কযুক্ত মন্তব্য করে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, সামাজিক অবিচার কখনোই মেনে নেওয়া উচিৎ নয়।
সোমবার অধ্যাপক রেহমান সোবহানের লেখা 'চ্যালেঞ্জিং দি ইনজাস্টিস অফ প্রোভার্টি' বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেন, যারা মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাস করেন, তারা অনেক সময় বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলেন। আর আস্থায় চিড় ধরলে সমাজের ওপরও এর প্রভাব পড়ে।
এই বাঙালী অর্থনীতিবিদ বলেন, বাজার অর্থনীতির গুরুত্বকে খাটো করে দেখার উপায় নেই। তবে সবকিছু বাজারের ওপর ছেড়ে দেওয়াও ঠিক নয়।
বাজারের সুফল কাজে লাগাতে গরিব মানুষের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
অমর্ত্য সেন বলেন, দারিদ্র্য সামাজিক অবিচারের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। সামাজিক অবিচার মেনে নেওয়া কখনোই উচিৎ নয়।
সামাজিক বিপ্লবে দোষের কিছু নেই- মন্তব্য করে তিনি বলেন, "তবে এটি হতে হবে সমন্বিত। এখানে একটু, ওখানে একটু এমন হলে হবে না।"
'চ্যালেঞ্জিং দি ইনজাস্টিস অফ প্রোভার্টি' প্রসঙ্গে তিনি বলেন, "এ বইয়ে মানুষের দিন বদলের চিত্র উঠে এসেছে।"
এ বইয়ে দারিদ্র্যের উৎস খুঁজে বের করার চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেন রেহমান সোবহান।
তিনি বলেন, "এই ঘরের অনেকেরই সিঙ্গাপুর, থাইল্যান্ড বা দিল্লিতে চিকিৎসা করানোর সামর্থ্য আছে। সেখানে তারা কী ধরনের চিকিৎসা পাচ্ছেন তা বুঝতে খুব বেশি প্রতিভার প্রয়োজন হয় না।"
"এটাও ঠিক যে অনেকেই সেরা স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে। আবার কেউ অখ্যাত স্কুলের সীমিত সুযোগ-সুবিধাও পাচ্ছে না", যোগ করেন বাংলাদেশের এই অর্থনীতিবিদ।
অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেহমান সোবহানের বইয়ের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, "বইটির কিছু বিষয়ের সঙ্গে আমি একমত না হলেও এটি অসামান্য একটি বই। এতে উল্লেখ করা অনেক সুপারিশ খুব ভালোভাবে প্রয়োগ করা যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২৩০ ঘ.
bdnews24