২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস সার্ভিস

ঢাকা হয়ে ভারতের আগরতলা ও কলকাতার মধ্যে শিগগিরই সরাসরি বাস চালু করতে পারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

নয়া দিল্লি, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা হয়ে ভারতের আগরতলা ও কলকাতার মধ্যে শিগগিরই সরাসরি বাস চালু করতে পারে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। বিআরটিসি'র পরিচালক (প্রশাসন ও অপারেশন) এস এম ফয়সাল আলমের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন ভারতে রয়েছেন। এ সফরেই ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি করতে পারেন তারা। এ প্রসঙ্গে এস এম ফয়সাল আলম সাংবাদিকদের বলেন, "পরীক্ষামূলকভাবে আগামী দুই মাসের মধ্যেই বাস সার্ভিস চালু হতে পারে।" বাংলাদেশি কর্মকর্তারা এরই মধ্যে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। বিআরটিসি'র প্রতিনিধি দলটি ত্রিপুরার যোগাযোগ মন্ত্রী মানিক দে এবং রাজ্যের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পরে তারা কলকাতা যান এবং সেখানে ওয়েস্টবেঙ্গল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। মানিক দে সাংবাদিকদের বলেন, "ঢাকা হয়ে আগরতলা ও কলকাতার মধ্যে বাস সার্ভিস চালু হলে সময় কম লাগবে।" ২০০৩ সালে ঢাকা ও আগরতলার মধ্যে সরাসরি বাস সার্ভিস শুরু হয় । এ ব্যবস্থায় কলকাতা থেকে আগরতলামুখী যাত্রীদের ঢাকায় বাস পরিবর্তন করতে হতো। সময় বেশি লাগে বলে এ সার্ভিস তেমন জনপ্রিয়তা পায়নি। এর আগে ১৯৯৩ সালে কলকাতা-ঢাকা বাস সার্ভিস চালু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২১২৮ ঘ.