মুন্সীগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর বাজারে সড়ক অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৪২ জন আহত হয়েছে।
বিমানবন্দর নির্মাণের বিপক্ষে আড়িয়াল বিল রক্ষা কমিটির ডাকে জনতা সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। সোমবার সকাল থেকে এই মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে।
মুন্সিগঞ্জের শ্রীনগর থানার ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার শ্রীনগর বাজারে পুলিশ দুপুর ১২ টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধকারী লোকজনকে সরাতে গেলে তারা মারমুখী হয়ে ওঠে। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
পুলিশ নিরাপদ স্থানে সরে গেলে জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে ৪২ জন আহত হয়েছে।
ওসি শাখাওয়াত হোসেন আরো জানান, দুপুর পৌণে ১টার দিকে একদল লোক হাসারা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে। তবে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা চেষ্টা চালিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ ফাঁড়িতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
ওসি জানান, সোমবার সকাল থেকেই বাড়ৈখালী, নবাবগঞ্জ ও দোহার এলাকার বহু লোক বিমানবন্দরের বিপক্ষ নিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কের কাছে জড়ো হয়।
বেলা সাড়ে ১১টার দিকে লোকজন ছনবাড়ি থেকে কুচিয়ামোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই ওই এলাকায় প্রায় ৫শ' পুলিশ মোতায়েন রাখা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যানবাহন চলাচলে পুলিশের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়। গোয়েন্দা সংস্থা নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে।
স
bdnews24