২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার প্রস্তুতিতে কর্মচঞ্চল বাংলা একাডেমী

বাংলা একাডেমী প্রাঙ্গণ ও এর বাইরে একই দৃশ্য। একদিকে কাঠমিস্ত্রীরা পেরেকে হাতুড়ি ঠুকে তৈরি করছেন স্টল ও বইমেলার গেট। অন্যদিকে শিল্পীরা রং তুলিতে মনের মাধুরি মিশিয়ে করছেন সেগুলোর সৌন্দর্যবর্ধন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2011, 03:53 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা একাডেমী প্রাঙ্গণ ও এর বাইরে একই দৃশ্য। একদিকে কাঠমিস্ত্রীরা পেরেকে হাতুড়ি ঠুকে তৈরি করছেন স্টল ও বইমেলার গেট। অন্যদিকে শিল্পীরা রং তুলিতে মনের মাধুরি মিশিয়ে করছেন সেগুলোর সৌন্দর্যবর্ধন। সকাল-সন্ধ্যা কর্মব্যস্ত বাংলা একাডেমী পরিবারের সব সদস্য। এ যেন এক উৎসব প্রস্তুতি। এমন কর্মচাঞ্চল্য বিরাজ করছে অমর একুশে বইমেলা ২০১১-এর প্রস্তুতিতে। ১ ফেব্র"য়ারি মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ইতোমধ্যে মেলার ৬০ থেকে ৬৫ শতাংশ প্রস্তুতির কাজ শেষ হয়েছে বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলা একাডেমীর মহাপরিচালক ড. শামসুজ্জামান খান। তিনি বলেন, "প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নিরাপত্তার জন্য সোমবার বিকাল ৫টার পর কোন কাজ করা সম্ভব হবে না। তাই এ সময়ের মধ্যে আমরা ৯০ থেকে ৯৫ ভাগ কাজ শেষ করতে চাই।" শামসুজ্জামান খান আরো বলেন, "রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষ্যে আমরা বইমেলাকে সাজিয়েছি তাকে ঘিরে। প্রতিদিন বিকেলে মেলার মূল মঞ্চে জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশী রবীন্দ্র গবেষকদের পাশাপাশি ভারত, চীন ও স্পেন থেকে আগত পাঁচজন রবীন্দ্র গবেষক আলোচনায় অংশ নেবেন। "আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে রবীন্দ্র নাটকের অভিনয়, নৃত্যনাট্য, রবীন্দ্রকাব্যের আবৃত্তি। পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডই উপস্থাপিত হবে বিশ্বকবির সৃজনকে ঘিরে", বলেন তিনি। বাংলা একাডেমীর মহাপরিচালক জানান, এবার মেলার প্রথম দিন একাডেমীর বর্ধমান হাউসে 'জাতীয় সাহিত্য ও লেখক জাদুঘর' উদ্বোধন করা হবে। মেলায় ভাষা শহীদ শফিউর রহমান ও আবদুস সালাম এর জীবনী নিয়ে দু'টি বই এবং ঊনসত্তরের শহীদ মতিউরের জীবনী নিয়ে একটি বই প্রকাশ করা হবে। এছাড়া প্রকাশ করা হবে মাতৃভাষা বিষয়ক একটি গ্রন্থ ও অমর একুশে গ্রন্থমেলা স্মারক-২০১১। এবার বইমেলায় ৫৪০ টি স্টল স্থান পাবে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুন। বাংলা একাডেমী থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯৭০ সালে একুশে ফেব্র"য়ারি পালন অনুষ্ঠানে একাডেমীর গেটে চট বিছিয়ে বই বিক্রি শুরু করেন মুক্তধারা প্রকাশনীর মালিক চিত্তরঞ্জন সাহা। পরে ১৯৭২ সালে বাংলা একাডেমীতে আয়োজন করা হয় এদেশের প্রথম বইমেলা। ১৯৮৪ সালে এসে বইমেলার জন্য নীতিমালা ও নিয়মাবলী প্রনীত হয় এবং গ্রন্থমেলার নামকরণ করা হয় 'অমর একুশে গ্রন্থমেলা'। তখন থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪১ ঘ.