ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেন্ডারিয়ায় গোয়েন্দা পুলিশের সঙ্গে 'সন্ত্রাসীদের গুলি বিনিময়ে' এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ যুবকের নাম আবদুল করিম (৩০)। শনিবার রাত সাড়ে ১২টার দিকে গেন্ডারিয়া এলাকার ধুপখোলা বালুর মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, তিনি ডাকাত শহিদের লোক।
করিম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি সদর ঘাট এলাকার একজন ক্যারাম বোর্ড ভাড়া দেওয়া ব্যবসা করেন। বৃহস্পতিবার রাতে জুরাইন আলম মার্কেটের সামনে থেকে তাকে সাদা পোশাকে পুলিশ ধরে নেয়।
"গতরাতে (শনিবার) বালুর মাঠে নিয়ে আমাকে দৌড় দিতে বলে । আমি দৌড় দিলে পুলিশ গুলি চালায়," বলেন করিম।
তিনি জানান, তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রায় দুবছর আগের একটি গাড়ি পোড়ানোর মামলা রয়েছে। ওই মামলায় তিনি জামিনে আছেন।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে ধুপখোলা বালুর মাঠে ডাকাত শহীদের লোক জড়ো হচ্ছে। গোয়েন্দা পুলিশ ওই মাঠে গেলে 'সন্ত্রাসীরা' পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে করিম গুলিবিদ্ধ হন।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
গত ১১ জানুয়ারি পল্লবীতে পুলিশের ও ডাকাতের গোলাগুলিতে ইমতিয়াজ হোসেন আবির নামে এক কলেজ ছাত্র মারা যান।
গত ১৫ জানুয়ারি রামপুরা থানা এলাকায় পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের গোলাগুলিতে শ্যামল নামে এক যুবক মারা যান। একই ঘটনায় আসিফ অনিক নামে পায়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24