ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দশটি জেলা থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, "ফেব্র"য়ারি থেকেই তা দেওয়া শুরু হবে।"
জেলাগুলো হচ্ছে বরিশাল, পিরোজপুর, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, পাবনা, বাগেরহাট, কুষ্টিয়া, গাজীপুর, ঝালকাঠি ও মেহেরপুর।
মন্ত্রী বলেন, "ইতিমধ্যে ঢাকায় ৩টি এবং কুমিল্লা ও ময়মনসিংহে একটি করে মোট ৫টি কেন্দ্র থেকে এমআরপি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।"
উপ-নির্বাচন পরবর্তী সহিংসতায় হবিগঞ্জে বিএনপি কর্মী নিহত হওয়ার ঘটনা অভ্যন্তরীণ কোন্দলের জের উল্লেখ করে সাহারা খাতুন বলেন, "এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।"
বিগত সরকারের সময় পুলিশের আবাসিক সমস্যা সমাধানে প্রকল্পের কাজ শুরু হলেও তা সম্পূর্ণ হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, "এ প্রকল্পের কাজ পুনরায় শুরু হয়েছে। এজন্য ১'শ ৩২ কোটি টাকার অনুমোদন চাওয়া হয়েছিল। এ পর্যন্ত ৫০ কোটি টাকা পাওয়া গেছে।"
এছাড়া বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), ফায়ার সার্ভিস ও বিভিন্ন অধিদপ্তরের প্রকল্পগুলো শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী জুনের মধ্যে প্রকল্পগুলো শেষ করার আশা ব্যক্ত করে তিনি বলেন, "এ ব্যাপারে সংশ্লিষ্টদের দ্রুত গতিতে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/কেএমএস/১৭১৬ ঘ.
bdnews24