ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিকুঞ্জ লেক আগামী তিন মাস বর্তমান অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি নিকুঞ্জ লেককে রক্ষা করা ও লেক ভরাট করে নির্মিত স্থাপনা অপসারণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সচিব, রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, নগর পরিকল্পনা উপ-পরিচালক ও নিকুঞ্জ থানার ওসিকে তিন সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
লেকে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ বন্ধ এবং নির্মিত স্থাপনা অপসারনের আদেশ চেয়ে দায়ের করা একটি রিট আবেদনের পর বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ রোববার এই আদেশ দেয়।
নিকুঞ্জ আবাসিক এলাকা কল্যাণ সমিতির পক্ষে গোলাম হায়দার ওই রিট আবেদন করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আদেশের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আদেশের ফলে নিকুঞ্জ লেক যেমন আছে তেমনই থাকবে।"
শুনানিতে মনজিল মোরসেদ বলেন, রাজউকের পরিকল্পনায় ও নিকুঞ্জ প্রস্তাবিত কর্মপন্থায় সুনির্দিষ্টভাবে নিকুঞ্জ লেকের কথা উল্লেখ থাকলেও কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে লেক ভরাট ও স্থাপনা নির্মাণ করছে।
আবাসিক এলাকার পরিবেশের জন্য বিষয়টি ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, "শাহজালাল বিমান বন্দরের কাছে 'জিরো উচ্চতা এলাকায়' নতুন নতুন ভবন তৈরি করলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না।"
সরকার পক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৬৩২ ঘ.
bdnews24