২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক ফরহাদ খাঁর দাফন কালিহাতিতে

নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁ'র মৃতদেহ দাফনের জন্য টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্দিনায় পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁ'র মৃতদেহ দাফনের জন্য টাঙ্গাইলের কালিহাতি উপজেলার গান্দিনায় পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যার আগেই সেখানে পারিবারিক কবরস্থানে দুজনের দাফন হবে। এর আগে সেখানে তাদের দ্বিতীয় জানাজা হবে। ফরহাদ খাঁর ঘনিষ্ঠ বন্ধু রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের প্রথম জানাজা শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এরপর সর্বস্তরের সাংবাদিকরা তাদের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ফরহাদ দম্পতির মরদেহ একটি মাইক্রোবাসে করে কালিহাতি পাঠানো হয়। কালিহাতির গান্দিনায় পারিবারিক কবরস্থানে মা ও বাবার কবরের পাশেই ফরহাদকে শায়িত করা হবে বলে মন্টু জানান। তবে এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত প্রয়াত দম্পতির একমাত্র মেয়ে ইতালিপ্রবাসী আইরিন খাঁ দেশে পৌঁছাননি। রাজেন্দ্র চন্দ্র মন্টু জানান, ফরহাদ খাঁ কথাসাহিত্যিক ইব্রাহিম খাঁ'র নাতি। ইব্রাহিম খাঁ'র শেষ জীবনে ঘনিষ্ঠ সহচরও ছিলেন তিনি। তার অনুপ্রেরণাতেই ফরহাদ খাঁ সাংবাদিকতায় আসেন। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন থানার মসজিদ গলির ৭৭ নয়াপল্টনের বাসা সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। এ দম্পতি ওই বাসায় প্রায় ১২ বছর ধরে ভাড়ায় বসবাস করেন। যাত্রাবাড়ি এলাকায় তাদের নিজস্ব একটি টিনসেড বাড়িও রয়েছে। তিনতলা ওই বাড়ির দোতলার একটি ফ্লাটে তারা বসবাস করতেন। কয়েকদিন আগে ইতালি প্রবাসী মেয়ের কাছ থেকে দেশে ফিরে আসেন রহিমা। এদিকে এ ঘটনায় ফরহাদ খাঁ'র ভাই সামাদ খাঁ পল্টন থানায় একটি মামলা করেছেন। তবে এতে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/এমআই/১৪১০ ঘ.