২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে শিক্ষানবীশ চিকিৎসকদের ধর্মঘট স্থগিত

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করে শনিবার সন্ধ্যায় কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 02:25 PM

রংপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরা ধর্মঘট স্থগিত করে শনিবার সন্ধ্যায় কাজে যোগ দিয়েছেন। সহকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সকাল থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সিদ্দিকুর রহমান দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা কর্মসূচি স্থগিত করেছেন বলে জানান ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মনিরুজ্জামান লিমন। তিনি সাংবাদিকদের বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে চারটি মোটরসাইকেলে ১০/১২ জন সন্ত্রাসী শিক্ষানবীশ চিকিৎসক ও ছাত্রলীগ নেতা মো. কুতুবুদ্দিনকে কুপিয়ে আহত করে। এর প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে কাজ বন্ধ রেখেছেন শিক্ষানবীশ চিকিৎসকরা। সকালে এবিএম মনিরুজ্জামান লিমন সাংবাদিকদের বলেছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। লিমন বলেন, সন্ত্রাসীরা ডা. মুক্তা হোস্টেলের ১৭ নম্বর কক্ষ থেকে কুতুবুদ্দিনকে বের করে নিয়ে কুপিয়ে ফেলে যায়। "কুতুবুদ্দিনকে অজ্ঞান অবস্থায় ছাত্ররা হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় এবং নাকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কজনক", বলেন তিনি। কারা হামলা চালিয়েছে, তাদের সনাক্ত করা যায়নি বলে লিমন জানান। কুতুবুদ্দিনের ওপর হামলার প্রতিবাদে শিক্ষানবীশ চিকিৎসকরা সকালে ক্যাম্পাসে মিছিল করেছে। হামলাকারীদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছে তারা। এসব দাবিতে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপিও দিয়েছে শিক্ষানবীশ চিকিৎসকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/এমআই/১৯৩১ ঘ.