২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্ত্রীসহ সাংবাদিক খুন

রাজধানীর পল্টনের একটি বাড়ি থেকে এক সাংবাদিক ও তার স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2011, 12:50 PM

Updated : 24 Aug 2022, 02:24 PM

ঢাকা, জানুয়ারী ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্টনের একটি বাড়ি থেকে এক সাংবাদিক ও তার স্ত্রীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। পল্টন থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, শুক্রবার বিকেলে নয়াপল্টনের ৭৭ নম্বর বাসা থেকে দৈনিক জনতার যুগ্ম বার্তা সম্পাদক ফরহাদ খাঁ (৬০) ও তার স্ত্রী রহিমা খায়ের (৫৫) রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তিনতলা ভবনের ওই বাড়ির দোতলার একটি ফ্লাটে তারা বসবাস করতেন। কয়েকদিন আগে ইতালি প্রবাসী মেয়ের কাছ থেকে দেশে ফিরে আসেন রহিমা। পুলিশ জানায়, শুক্রবার বার বার ফোন করা হলেও কেউ ফোন না ধরায় ফরহাদ খায়ের অফিস থেকে থানায় খবর দেওয়া হয়। বিকেলে ওই বাড়িতে গিয়ে দেখা যায়- দরজা বাইরে থেকে তালাবন্ধ। দরজা ভেঙে ভেতরে ঢোকার পর শোবার ঘরের মেঝেতে ফরহাদ খাঁ ও একই কক্ষের বিছানায় তার স্ত্রীর রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। উপ-পরিদর্শক নাসির উদ্দিন বলেন, শুক্রবার ভোর রাতের কোনো এক সময় এই দম্পতিকে জবাই করে হত্যা করা হয় বলে ধারণা করছেন তারা। ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। পাশের ফ্ল্যাটের প্রতিবেশীরা সাংবাদিকদের জানান, গতরাত ও সকালে তারা বাসায় থাকলেও কোনো সন্দেহজনক শব্দ তারা শুনতে পাননি। কাউকে বের হতে বা ঢুকতেও দেখেননি। পল্টন থানার ওসি শহিদুল হক বলেন, "এটা ডাকাতির ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছি আমরা। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে।" পুলিশ, র‌্যাব ও সিআইডির বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন। রাত সাড়ে ৮টার দিকে মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, "শুক্রবার ভোর রাতে কোনো এক সময় এই হত্যাকাণ্ড ঘটেছে। মূল শোবার ঘরে নয়, মৃতদেহ পাওয়া গেছে আরেকটি শোবার ঘরে। এতে আমাদের ধারণা হচ্ছে, হয়তো নিহতদের পরিচিত কাউকে মূল শোবার ঘরে থাকতে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তারাই এ হত্যাকাণ্ড ঘটনা ঘটিয়ে থাকতে পারে।" সব দিক বিবেচনায় রেখেই তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেটি/এসআইটি/এসএম/জেকে/২১৩৫ ঘ.