ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করায় ৫০ জনের বেশি বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত।
বৃহস্পতিবার ব্লুমবার্গ ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ২০০ দিরহাম (৫৪ ডলার) বেতন বাড়ানোর দাবিতে দুবাইয়ের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠাতা আরবটেক'র ৫ হাজার কর্মী জানুয়ারিতে টানা ২ সপ্তাহ ধর্মঘট পালন করে।
দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন শ্রমিকদের আটক রেখেছে পুলিশ এবং তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি নিয়েছে তারা।
আরবটেক'র কর্মীদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া থেকে যাওয়া। ওই প্রতিষ্ঠান পরিচালিত আশ্রয় কেন্দ্রে থাকেন ওই সব শ্রমিক। মাসে তারা পারিশ্রমিক পান ৭ শ' থেকে ৮ শ' দিরহাম (১৯০ থেকে ২২০ ডলার)।
গ্রেপ্তার হওয়া ও দেশে ফেরত পাঠানোর ভয়ে আমিরাতে শ্রমিকরা সাধারণত বিক্ষোভ করে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআর/এএইচ/পিডি/২৩২৫ ঘ.
bdnews24