লন্ডন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে দেশি স্টকব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নিয়ে লন্ডনে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'বাংলাদেশ পুঁজিবাজার মেলা'।
আগামী ৫ থেকে ৭ মার্চ পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে এই মেলার আয়োজন করেছে কারি লাইফ ইভেন্টস। উদ্যোক্তারা আশা করছেন, বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশি এই মেলায় অংশ নেবেন।
সোমবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজক সৈয়দ বেলাল আহমদ বলেন, "বিলেতের বাংলা মিডিয়ায় ক্যাম্পেইনসহ প্রবাসি ব্যবসায়ী মহলে ব্যাপক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ সাড়া পাওয়া গেছে। মেলায় আসার ব্যাপারে কিছু ব্রিটিশ বিনিয়োগকারীও আগ্রহ প্রকাশ করেছেন।"
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রবাসীরা এই মেলায় এসে বাংলাদেশের শেয়ার বাজার, বিনিয়োগের নিয়ম, ব্যাংক একাউন্ট খোলাসহ যাবতীয় বিষয়ে তথ্য ও সেবা পাবেন।
তিন দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের বিনিয়োগ ব্যাংক ও স্টক ব্রোকারসহ ৪০টি কোম্পানি অংশ নেবে। এই আয়োজনের টাইটেল স্পন্সর প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়া ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ইস্টকোস্ট সিকিউরিটিজ, পূবালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, উইফাং সিকিউরিটিজ, স্বদেশ সিকিউরিটিজ, এএনএফ ম্যানেজমেন্ট, বাংকো সিকিউরিটিজ, বি রিচ সিকিউরিটিজ, শাহ আমানত সিকিউরিটিজ, আল আরাফাহ ব্যাংক, জি কিউ সিকিউরিটিজসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে।
ওয়াটার লিলি কনফারেন্স হলে মেলা চলবে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
'বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ফেয়ার' সম্পর্কে বিস্তারিত জানতে অথবা স্টল নিতে ০৭৯৫৬ ৪৩৯ ৪৫৮ অথবা ০৭৯৫৬ ৫৮৮৭৭৭ নম্বরে ফোন করতে অনুরোধ করেছেন আয়োজকরা। এ ছাড়া ই মেইলে (info@currylife.com) অথবা www.capitalmarketfair.co.uk ওয়েবসাইটেও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনপি/জেকে/এমআই/০৯০০ ঘ.
bdnews24