২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনে কাজ, রাতে শেকলবন্দি

ঢাকার সাভারের একটি ইটভাটা থেকে শিশু ও মহিলাসহ ৩০ জনকে উদ্ধার করেছে র‌্যাব। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সাভার, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভারের একটি ইটভাটা থেকে শিশু ও মহিলাসহ ৩০ জনকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধারের পর শ্রমিকরা কান্নায় ভেঙ্গে পড়ে। তারা তাদের শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখায় র‌্যাব সদস্য ও উপস্থিত সাংবাদিকদের। তখন তাদের সবার পায় মোটা শিকল দিয়ে তালাবদ্ধ ছিলো। তারা বলেছে, দিনে তাদের দিয়ে কাজ করানো হতো। কাজ শেষে তাদের শেকলে বেঁধে আটকে রাখা হতো একটি ঘরে। দিনে দুবার খেতে দিলেও পরিমাণে কম দেওয়া হতো। কেউ পালিয়ে যাওযার চেষ্টা করলে মারধরসহ শারীরিকভাবে নির্যাতন করা হতো। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাদের উদ্ধার করা হয়। ওই সময় গ্রেপ্তার করা হয় ইটভাটার ব্যবস্থাপক ও শ্রমিকদের ঠিকাদারকে। উদ্ধার করা হয় লাঠিসোটাসহ কিছু দেশি অস্ত্র। র‌্যাব বলেছে, সাভারের আশুলিয়ায় একতা ব্রিক ফিল্ডে জোর করে কাজ করানো, শেকল দিয়ে বেঁধে রাখা এবং নির্যাতনের খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। উদ্ধারকৃতদের বয়স ৮ থেকে ৩০ বছরের মধ্যে। ফয়সাল গাজী নামের এক শ্রমিক জানান, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। কাজের খোঁজে এসেছিলেন সাভার। ইটভাটায় চাকরি নেওয়ার পর উদ্ধার হওয়ার আগ পর্যন্ত প্রায় ১৪ দিন তিনি এখানে কাজ করেন। তিনি জানান, দিনের বেলায় কাজে করানোর পর রাতে একটি কক্ষে পায়ে শেকল দিয়ে রাখা হতো। বাইরে অস্ত্র নিয়ে পাহারায় থাকতো মালিকের লোকজন। বেতনের টাকা ঠিকমত দিতো না। শারীরিকভাবে নির্যাতন করা হতো। একবার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মালিকের লোকজন তাকে মেরে পুকুরে মাগুর মাছ দিয়ে খাওয়ানোর হুমকি দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে একবার পাখার সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সহকর্মীরা তাকে রক্ষা করেন। উদ্ধার হওয়া বাকি শ্রমিকদের মধ্যে আছেন- শেখ আলিমুল হক, আজাদ মিয়া, ইমরান, করম আলী, মতিয়ার বিশ্বাস, জুলহাস, মান্দার আলী, গোলাম রব্বানী, আকাশ, অলি, আলমগীর, এরশাদ, মোখলেছুর রহমান, বশির উদ্দিন, লাল্টু, শেখ ইজাজুল ইসলাম, আমিনুর, নজরুল ইসলাম, আতিয়ার রহমান, মহিদুল ইসলাম, আকাশ, আশরাফ আলী, তার স্ত্রী পারভীন আক্তার। এছাড়া পারভীনের দুই ছেলে-মেয়ে রিফাত (৭) ও দেড় বছরের তানিয়া। র‌্যাব এর মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম সোহায়েল সাংবাদিকদের জানান, পায়ে শেকল বেঁধে শ্রমিকদের বন্দি এবং মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হতো। ঠিকমতো খাবার দেওয়া হতো না তাদের। ইটভাটার মালিকদের গ্রেপ্তারের চেষ্টা চলানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে এক মালিকের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। যা দিয়ে শ্রমিকদের ভয় দেখানো হতো। র‌্যাব কর্মকর্তা আরো জানান, উদ্ধার হওয়াদের মধ্যে অনেকে রয়েছে যারা ২/৩ মাস ধরে বন্দি। এই ঘটনায় গ্রেপ্তারকৃত দুজন হলেন- ইটভাটার ব্যবস্থাপক সুলতান মো. রতন (৩০) ও ঠিকাদার হোসেন গাজী (৬৯)। র‌্যাবের জিজ্ঞাসাবাদে রতন জানান, এই ইটভাটার মালিক আটজন। এদের মধ্যে জায়েদুল, হযরত, জালাল, জুয়েল, বাসেক, বাবুল সরকারি দল আওয়ামী লীগ করেন। অন্য দুজনের নাম তিনি জানাতে পারেননি। তিনি জানান, সাতক্ষীরা থেকে সেলিম ও আরিফুল নামের দুই সর্দার শ্রমিকদেরকে ইটভাটায় নিয়ে আসে। এর জন্য মালিকপক্ষ তাদের আগাম টাকা দিয়ে দেয়। কিন্তু সর্দাররা শ্রমিকদের টাকা না দিয়েই পালিয়ে যায়। টাকা না পেয়ে শ্রমিকরা পালনোর চেষ্টা করে। সেজন্যই মালিকের নির্দেশে তাদের শেকল দিয়ে বেঁধে রাখা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী মেজর আহসান কবীর জানান, এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকলেও ছাড় দেওয়া হবে না। প্রচলিত আইনেই অপরাধীদের বিচার হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৭ ঘ.