মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এই সংঘর্ষের সময় একটি যাত্রীবাহী বাসে আগুন এবং ফায়ার সার্ভিসের গাড়িসহ অন্তত ২০টি যানবাহন ভাংচুর করা হয়।
এছাড়া আশপাশের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও দোকান ভাংচুরের খবর পাওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস শেল ছোড়ে।
পুলিশ বলেছে, শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ না করার দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে ডাকা সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় বাধা দিলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সমাবেশমুখী কয়েকটি বাসকে ঢাকার প্রবেশমুখে পুলিশ বাধা দিয়েছে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায় বলেও জানা গেছে।
এর আগে গত ২৭ ডিসেম্বর একই দাবিতে আড়িয়াল বিল এলাকার বাড়ি-ঘর ও জমির মালিকসহ স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। ওই সময়ও ভাংচুরের ঘটনা ঘটে।
প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে মুন্সীগঞ্জের শ্রীনগর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা মিলিয়ে ২৫ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
স্থানীয়দের দাবি, এই বিমানবন্দর হলে এলাকার কয়েক লাখ মানুষ বেকার হয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সংঘর্ষের কারণে দুপুর পৌনে ২ টা থেকে বিকাল সোয়া ৪টা পর্যন্ত আড়াই ঘণ্টা ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।
তিনি জানান, সমাবেশমুখী একটি বাসের চালককে কে বা কারা মারধর করলে আশপাশের গ্রামের লোকজন এসে হামলাকারীদের ধাওয়া করে। পরে বিক্ষুব্ধরা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে।
আড়িয়ালবিলে প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের বিপক্ষের বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন সন্ধ্যা সাড়ে ৬টায় সাংবাদিকদের জানান, ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশে যোগ দিতে যাওয়ার জন্য কয়েকটি বাস ষোলঘর থেকে রওনা হয়ে যায়।
পথে বিমানবন্দর করার পক্ষের লোকজন বাধা দেয়। তারা একটি বাসের চালককে মারধর করে। খবর পেয়ে বিমানবন্দরের বিপক্ষের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। তারা হামলাকারীদের ধাওয়া করে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধের চেষ্টা চলায়।
ইকবাল হোসেন জানান, তারা মুক্তাঙ্গন পর্যন্ত পৌঁছাতে পারেননি।
সেখানে সমাবেশ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ঢাকার প্রবেশের সময় বাবুবাজার সেতুর সামনে সব গাড়ি আটকে দেয় পুলিশ।
শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন, মুক্তাঙ্গনে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না- এমন খবর পেয়ে বিমানবন্দর নির্মাণের বিপক্ষের লোকজন বাসে আগুন ধরিয়ে দেয় এবং ভাংচুর চালায়।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত ১৬ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূরুল আলম দুলাল জানান, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে তারা সেখানে ছুটে যান। কিন্তু সেখানে যাওয়ার পর বিক্ষোভকারীরা দমকলের একটি গাড়ি ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24