ঝিনাইদহ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাস খাদে পড়ে এক শিশুসহ চারজন মারা গেছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৩৫ জন।
বাসের সামনের একটি চাকা পাংচার হয়ে বুধবার বিকাল ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মাহমুদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও আহত যাত্রীরা জানিয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার কাশেমপুর গ্রামের রায়হান উদ্দিন (৩৫), বাসচালকের সহকারী ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শান্তিডাঙ্গা এলাকার শাহীন (৩০) ও শৈলকুপার ইব্রাহিমপুর গ্রামের তাহাজ্জত আলীর মেয়ে তানিয়া (১১)।
গড়াই পরিবহনের বাসটি খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান, ঘটনাস্থলে তিনজন মারা যায়। আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহত যাত্রীদের উদ্ধার করেছে।
আহতদের মধ্যে অন্তত ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়; এদের দুজনে অবস্থা আশঙ্কাজনকে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে আরো একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রী কুষ্টিয়ার বেসরকারি সংস্থা জাগরণী চক্রের কর্মচারী রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বাসের সামনের দিকে ছিলেন। হঠাৎ বাসটি খাদে পড়ে উল্টে যায়।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকা পাংচার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24