ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মনে করে দুই আসনের আসন্ন উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করার বিষয়ে আন্তরিক নয় সরকার।
বুধবার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, "সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের অনুরোধে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেই।"
"প্রশাসন সরকারি দলের প্রার্থীর পক্ষে কাজ করছে," দাবি করে তিনি বলেন, "এ থেকে বোঝা যায়, সরকার এই উপনির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আন্তরিক নয়।"
হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে বৃহস্পতিবার। এ দুই নির্বাচনী এলাকায় প্রচার মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজীর মৃত্যুতে গত নভেম্বরে জাতীয় সংসদের হবিগঞ্জ-১ এবং লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে ব্রাক্ষণবাড়িয়া-৩ আসন দুটি শূন্য হয়। এ দুই আসনের উপ-নির্বাচনের তফসিল গত ২২ ডিসেম্বর ঘোষণা করে ইসি।
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে কথা বলছিলেন নজরুল ইসলাম।
'ভয়ভীতি দেখানো হচ্ছে'
দুই নির্বাচনী এলাকায় সরকারি দলের কর্মীরা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেন নজরুল।
তিনি বলেন, "আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। তাদের বাড়ির সামনে পুলিশের উপস্থিতি। এ সব সুষ্ঠু নির্বাচনে জন্য বাধা সৃষ্টি করছে।"
হবিগঞ্জ-১ আসনে ৩ লাখ ১ হাজার ৪৪৭জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৮২৮ এবং নারী ভোটার ১ লাখ ৫৬ হাজার ৬১৯ জন।
উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের ডা. মো. মুশফিক হুসেন চৌধুরী, বিএনপির শেখ সুজাত মিয়া, জাতীয় পার্টির (এ) মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলনা আব্দুল মালিক চৌধুরী ও খেলাফত মসলিসের শাইখ আব্দুল কাইয়ূম।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৩ লাখ ১০ হাজার ২৩৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৯ হাজার ৬০০ জন এবং নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৬৩৮ জন। মোট ভোট কেন্দ্র ১২৬টি। উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- আওয়ামী লীগের র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, বিএনপির মো. খালেদ হোসেন মাহবুব, জাতীয় পার্টির (এ) মো. রেজাউল ইসলাম ভুইয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র মো. ইউনুস মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম।
১১ প্রিজাইডিং কর্মকর্তার প্রত্যাহার দাবি
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেনের সঙ্গে দেখা করে বিএনপির একট প্রতিনিধি দল।
সাক্ষাতের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশন বারবার চাওয়ায় পরও সেনা মোতায়েন হয়নি। এতে আশঙ্কা করা হচ্ছে [উপ-নির্বাচনের] ফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য সেনা মোতায়েনে গড়িমসি করা হচ্ছে।"
হবিগঞ্জ-১ আসনের ১১টি কেন্দ্রের ১১ জন প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাকে প্রত্যাহারের লিখিত দাবিও জানিয়েছে বিএনপি। তাদের বিরেুদ্ধে ক্ষমতাসীন দলের সম্পৃক্ততার অভিযোগ এনে এ দাবি জানানো হয়।
এই আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৭৫টি।
এ সময় নির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে ছিলেন।
নজরুল ইসলাম অভিযোগ করেন, "ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসক, নবীগঞ্জ থানা ওসি আক্তার হোসেনসহ কয়েকজন সরকারি কর্মকর্তার সরকারি দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে কাজ করছেন। আমরা তাদের প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।
"কিন্তু কয়েকজনকে প্রত্যাহার করা হলেও ব্রাহ্মণবাড়ীয়ার ডিসি ও নবীগঞ্জ থানার ওসির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি কমিশন।"
ব্রাক্ষনবাড়ীয়া-৩ আসনের সরকারদলীয় প্রার্থী উবায়দুল মোকতাদীরের পক্ষে তার সহকর্মী ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা নির্বাচনী এলাকায় অবস্থান করছে বলেও অভিযোগ করেন নজরুল।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/পিডি/১৭০৫ ঘ.
bdnews24