ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্নেল তাহেরের বিচারের জন্য গঠিত গোপন সামরিক আদালতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহ-সভাপতি রবিউল আলমের বিচার ও দণ্ড, কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
আদালত একইসাথে ওই বিশেষ আদালত গঠন, বিচারক নিয়োগ, বিচার কেন অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে।
বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে মঙ্গলবার হাসানুল হক ইনু ও রবিউল আলম ওই বিচার অবৈধ ঘোষণা করা এবং হারানো সামাজিক সম্মান ফিরে পাওয়ার জন্য আদালতে একটি রিট আবেদন করেন।
আদেশের পর রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, "আদালত জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহ-সভাপতি রবিউল আলমের বিচার ও দণ্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তা জানতে চেয়েছে।
"একই সঙ্গে কর্নেল তাহেরসহ অন্যদের বিচারে বিশেষ আদালত গঠন, বিচারক নিয়োগ, বিচার ও দণ্ড কেনো অবৈধ ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না- তারও কারণ জানাতে সরকারকে নির্দেশ দিয়েছে।"
একই বিষয়ে আরেকটি রিট আদালতের বিবেচনাধীন থাকায় দুটি রিটের নিস্পত্তি একই সঙ্গে করা হবে বলে জানান তিনি।
গোপন আদালতে কর্নেল তাহেরের বিচারের সময় সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশু এখন কোথায়- এক সপ্তাহের মধ্যে তা জানানোর জন্য পররাষ্ট্র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয় হাইকোর্ট।
এর আগে গত ১২ জানুয়ারি আদালত ১৯৭৫ সালের নভেম্বর থেকে '৭৬ এর অগাস্ট পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত মেজর জেনারেল নূরুল ইসলাম শিশুসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম, ঠিকানা ও অবস্থান ১৮ জানুয়ারির মধ্যে জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দেয়।
পরে আরেক আদেশে শিশুকে ২৬ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়।
এ মামলার শুনানি চলাকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান আদালতকে জানান, তাহেরের গোপন বিচার চলাকালে বাংলাদেশ থেকে বহিস্কৃত ফার ইস্টার্ন ইকোনোমিম রিভিউ এর বিশেষ প্রতিনিধি লরেন্স লিপসুজের সঙ্গে তিনি ইমেইলে যোগাযোগ করেছিলেন। তিনি স্বাস্থ্যগত কারণে বাংলাদেশে আসতে পারবেন না বলে জানিয়েছেন।
এ সময় আদালত ওই বিচার সম্পর্কিত একটি লিখিত প্রতিবেদন দিতে লরেন্স লিপসুজকে অনুরোধ জানানোর জন্য এমকে রহমানকে নির্দেশ দেন।
এর আগে ওই বিদেশি সাংবাদিককেও আদালতে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়েছিল।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার কর্নেল এমএ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারে ১৯৭৬ সালের ১৭ জুলাই সাজা দেওয়া হয়। এরপর ২১ জুলাই ভোররাতে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
ওই বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে কর্নেল তাহেরের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের এবং সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত ২৩ অগাস্ট হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
তাদের আবেদনের পর সেই গোপন বিচারের নথি তলব করে হাইকোর্ট। একইসঙ্গে তাহেরের বিচারের জন্য সামরিক আইনের মাধ্যমে জারি করা আদেশ এবং এর আওতায় গোপন বিচার ও ফাঁসি কার্যকর করাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- তা জানাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/পিডি/জেকে/২২১৬ ঘ.
bdnews24