২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসী নেত্রীর বাড়ি দখলচেষ্টার ঘটনায় মামলা

সিলেট নগরীতে আদিবাসী নেত্রীর বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আট জনের নাম উল্লেখসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

সিলেট, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীতে আদিবাসী নেত্রীর বাড়ি দখলের চেষ্টার ঘটনায় আট জনের নাম উল্লেখসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ মণিপুরি মহিলা সমিতির সভানেত্রী এস রীনা দেবী কোতয়ালি থানায় মামলাটি করেন বলে পুলিশ জানিয়েছে। নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়ায় রোববার বিকালে রীনা দেবীর বাড়ি দখলের চেষ্টা হয়। এতে স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলর ও তার ভাই জড়িত বলে আদিবাসী পরিবারটির অভিযোগ। আসামিরা হলেন- ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগ'র সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, তার ভাই আজিজুর রহমান মানিক ও সাইদুর রহমান ছলু, নগরীর শিবগঞ্জ বাজারের সিলেট ডেকোরেটার্সের মালিক মুহিবুর রহমান মুহিব, শাহী ঈদগাহ এলাকার খোকন, যুবলীগ নেতা রনজিত সরকার ও আব্দুল আজিজ মাসুক এবং জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্ত। সিলেট কোতয়ালি থানার (ওসি) খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাড়ি দখলের চেষ্টা, ভাংচুর ও হামলার অভিযোগে রীনা দেবী সোমবার এজাহার দাখিল করেন। মামলাটি মঙ্গলবার নথিভুক্ত করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) রকিবুজ্জামান জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মামলা নিয়েছে পুলিশ। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। রীনা দেবীর অভিযোগ, রোববার বিকালে সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়ি দখলের চেষ্টা চালায়। এসময় ভাংচুরও করা হয়। তাদের হামলায় পাঁচজন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৩ ঘ.