২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে ২ কিশোর অপহরণ, পণ দিয়ে একজন মুক্ত

রাজশাহীর চারঘাট উপজেলার সাহাপুর সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে অপহরন করে মুক্তিপণ চেয়েছে ভারতীয় দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:23 PM

রাজশাহী, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর চারঘাট উপজেলার সাহাপুর সীমান্ত থেকে বাংলাদেশি দুই কিশোরকে অপহরন করে মুক্তিপণ চেয়েছে ভারতীয় দুর্বৃত্তরা। এদের মধ্যে একজনকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছে তার পরিবার। সোমবার বেলা ১১টার দিকে চারঘাট উপজেলার টাঙ্গন গ্রামের ফরিদ উদ্দিনকে (১৬) টাকার বিনিময়ে ছাড়িয়ে আনা হয় বলে দাবি করেন তার বড় ভাই মালেকুল ইসলাম। তবে দাবি অনুযায়ী মুক্তিপণ না দেওয়ায় একইসঙ্গে অপহৃত ওই গ্রামের মোহাম্মদ হাবিল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (১৮) এখনো ছাড়া পায়নি। ফরিদের স্বজনারা জানায়, শনিবার বিকালে সাহাপুর সীমান্তের কাছে বোরো ধানের জমিতে কাজ করার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় দুর্বৃত্তরা। মালেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দালালের মাধ্যমে ৯০ হাজার টাকা দিয়ে ফরিদকে ছাড়িয়ে এনেছি। রোববার তাদের মুক্তির জন্য দুই লাখ টাকা চেয়েছিলো অপহরণকারীরা। অন্যথায় হত্যারও হুমকি দিয়েছিলো তারা।" তিনি অভিযোগ করেন, এ বিষয়ে বিজিবি'র সাহাপুর সীমান্ত ফাঁড়ি থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তবে বিজিবি এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। লোকমুখে শুনে বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে। মুক্তি পাওয়া ফরিদউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতের বামনাবাদ এলাকার ফেনসিডিল চোরাকারবারী মিজান, মিঠু ও জিয়ার নেতৃত্বে একদল লোক আমাদের ধরে নিয়ে যায়। সেখানে বামনাবাদ গ্রামের পেছনের জঙ্গলে আমাদের আটকে রাখা হয়।" ফরিদ জানায, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সোর্স সন্দেহে তাদের অপহরণ করা হয়। এক সপ্তাহ আগে বিজিবি সদস্যরা চোরকারবারীদের ফেনসিডিলের একটি চালান আটক করেছিলো। ফরিদের ভাই মালেকুল জানান, সাদ্দামের পরিবারের লোকজন টাকা যোগাড় করতে না পারায় তাকে ছাড়িয়ে আনা যায়নি। তার বাবা দিনমজুুরি করেন। এ ব্যাপারে বিজিবি'র সাহাপুর সীমান্ত ফাঁড়ির অধিনায়ক নায়েব সুবেদার সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনা আমাদের কেউ জানায়নি।" বিজিবি'র রাজশাহী ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে তাদের পরিবার বা অন্য কেউ অভিযোগ করেনি। বিজিবি খোঁজ খবর নিয়ে বিষয়টি বিএসএফকে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৫৩ ঘ.