২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার পল্লীতে সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. জাহাঙ্গির মিয়া (৩৫) একই গ্রামের নূরু মিয়া সরদারের ছেলে। নবীনগর থানার ওসি রুপক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে গ্রামের শাফিলাল মিয়া এবং কাজল মিয়ার মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে মারপিট লেগে যায়। ওসি বলেন, এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রতিপক্ষের টেটার আঘাতে কাজল মিয়ার সমর্থক জাহাঙ্গির ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে সামছুমিয়া (২৯) ও জামাল মিয়ার (৩২) নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৪২ ঘ.