ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ঝিগাতলা থেকে গ্রেপ্তার হিযবুত তাহরীরের চার সদস্যকে আরো একদিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম এজিএম আল মাসুদ এ আদেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- শামসুদ্দোহা, ফিরোজ আলম, মাসুদ ও আনিসুর রহমান।
দুইদিন হেফাজতের পর হাজারীবাগ থানা পুলিশ তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য আরো পাঁচদিনের হেফাজত চান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরিদ শেখ।
বুধবার হিযবুত তাহরীরের এই চার সদস্যকে গ্রেপ্তারের পর হাজারিবাগ থানায় একটি মামলা করে পুলিশ।
ওই মামলায় বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হয়।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ওই সংগঠনের প্রচারপত্র ও জিহাদী পুস্তিকা উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এইচএ/১৯৪০ ঘ.
bdnews24