ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভবিষ্যতে যে কোনো অবাঞ্ছিত ঘটনা এড়াতে বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখা এবং কঠোরভাবে আইন মানার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা।
পুনর্গঠিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তর পিলখানায় রোববার আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও বিজিবি'র নতুন মনোগ্রাম উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্র"য়ারি সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "সরকার অবশ্যই নারকীয় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার সম্পন্ন করবে। যাতে ভবিষ্যতে দেশে এ ধরনের হত্যাকাণ্ড আর না ঘটে।"
এ ঘটনাকে পুঁজি করে একটি বিশেষ মহল দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিল দাবি করে তিনি বলেন, "সেদিন সিদ্ধান্ত নিতে সামান্য ভুল হলে দেশ এক ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যেত। কিন্তু, সরকার অত্যন্ত দূরদৃষ্টি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়।"
২০০৯ সালের ২৫ ফেব্র"য়ারি পরবর্তী সময়ে অশেষ ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ায় সেনাবাহিনী ও জনগণকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
২০০৯ সালে রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষী বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে বাহিনীর নাম, পোশাকসহ বেশ কিছু পরিবর্তন আসে। নতুন আইনে সীমান্ত রক্ষী বাহিনীর কেউ বিদ্রোহ করলে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড, আগের বিডিআর আইনে সর্বোচ্চ সাজা ছিলো ৭ বছর কারাবাস।
বিডিআর সদস্যদের বেশিরভাগ কর্তব্যপরায়ণতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে বিপথগামীদের সঙ্গে যোগ না দেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছানোর পর বিজিবি'র একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
মহান স্বাধীনতা যুদ্ধে বিডিআর'র আত্মত্যাগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে মুক্ত করতে এই বাহিনীর ৮১৯ জন জওয়ান জীবন উৎসর্গ করেছেন। এছাড়া এ বাহিনীর সদস্যরাই ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেসযোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, "নতুন আইনের মূল উদ্দেশ্য হল বিকেন্দ্রীকরণ, এলাকাভিত্তিক চোরাচালান দমন এবং আরো কার্যকরভাবে অপারেশন পরিচালনা করা। এ জন্য নতুন করে চারটি রিজিয়ন সদর, চারটি নতুন সেক্টর ও ১১টি নতুন ব্যাটালিয়ন তৈরি করা হচ্ছে।"
বর্ডার গার্ড পুনর্গঠনের এসব কার্যক্রম আগামী বছর থেকে বাস্তবায়ন শুরু হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এ বাহিনীর সব সদস্যের পারিবারিক রেশন সুবিধা, জওয়ানদের জন্য নতুন ইউনিফর্ম প্রদান ও বিওপিতে টহল কার্যক্রম পরিচালনার জন্য মোটর সাইকেল বরাদ্দ দিয়েছে। এছাড়া নৌপথে টহল কার্যক্রম বৃদ্ধির জন্য ভাসমান বিওপি গঠনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই এর বাস্তবায়ন শুরু হবে।
তিনি জানান, এ বাহিনীর সদস্যদের চিকিৎসা সুবিধা বাড়াতে সাতকানিয়ায় একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও খাগড়াছড়িতে আরও তিনটি আধুনিক হাসপাতাল স্থাপনের কাজ এগিয়ে চলেছে। সব সদস্যের জন্য পারিবারিক রেশনে ডাল অন্তর্ভুক্তিরও অনুমোদন দেওয়া হয়েছে।
বিজিবি সদস্যদের সীমান্তে চোরাচালান রোধে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, "মাদকজাতীয় দ্রব্য যাতে দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে আপনাদের আরো কঠোর ভূমিকা পালন করতে হবে। নারী ও শিশু পাচার কঠোর হাতে দমন করতে হবে।"
সরকার সবসময়ই বিজিবি সদস্যদের পাশে থাকবে এ আশ্বাস দিয়ে তিনি বলেন, এই বাহিনী নতুন শক্তি ও উদ্যমে বলীয়ান হয়ে একটি গর্বিত বাহিনী হিসেবে প্রতিষ্ঠা পাবে এটাই দেশবাসীর ঐকান্তিক প্রত্যাশা।
এর আগে প্রধানমন্ত্রী বিজিবি পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলন করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি রাজধানীর পিলখানায় বিদ্রোহে বাহিনীর তখনকার মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নিহত হন, যারা বিডিআরে কর্মরত ছিলেন।
পিলখানার বিদ্রোহে সমর্থন জানিয়ে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে গোলাগুলি করে অনেক জওয়ান। বিদ্রোহের মামলায় বিডিআর আদালতে বিচার চলছে। অনেকগুলো মামলায় রায়ও হয়েছে।
অন্যদিকে পিলখানায় হত্যা-লুণ্ঠনের বিচার প্রচলিত আদালতে এ মাসেই শুরু হয়েছে। আসামির সংখ্যা বিশাল হওয়ায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে আলীয়া মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে আদালত বসিয়ে এর বিচার চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার ও পুনর্গঠিত বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল এম রফিকুল ইসলামসহ অন্যান্যের মধ্যে মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রোববারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮১২ ঘ.
bdnews24