ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি।
রোববার দুপুরে প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সর্বসম্মতভাবে এ দাবি জানানো হয়।
বকেয়া পরিশোধ না করার কারণ দেখিয়ে বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)।
ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।''
তবে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি বলছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে বিল করায় ইতোমধ্যে তারা আপত্তি জানিয়ে আবেদন করেছে।
কামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির এ সভায় সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় ক্লাবের সদস্যদের ভোগান্তি ও করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
বৈঠকে জানানো হয়, আমাদের সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান ৪০ কেভি ক্ষমতার একটি বৈদ্যুতিক জেনারেটর দিয়েছেন।
সৈয়দ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুৎ সংযোগের বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তার প্রেস সচিব আবুল কালাম আজাদের সঙ্গেও কথা হয়েছে। আমরা আশা করছি, এ বিষয়টির দ্রুত সমাধান করবে সরকার।''
তিনি জানান, বিদ্যুতের বকেয়া বিল পরিশোধের বিষয়ে একটি বিশেষ কমিটি করা হয়েছে। ওই কমিটিকে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিষয়টি অবহিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে গোলাম সারওয়ার-সাইফুল আলমের নেতৃত্বাধীন প্যানেলের বিজয়ী চার সদস্য ফরিদ হোসেন, ফরিদা ইয়াসমীন, শামসুদ্দিন চারু ও মাইনুল আলম উপস্থিত ছিলেন।
জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনে এর ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির ১৩টি পদেই জয়ী হয় বিএনপি সমর্থক বলে পরিচিত সবুজ-আবদাল নেতৃত্বাধীন প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত গোলাম সারওয়ার-সাইফুল আলম প্যানেল চারটি সদস্য পদে বিজয়ী হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭১৩ ঘ.
bdnews24